বিনিয়োগ ও উৎপাদনশীলতা বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সুযোগের সুষম বণ্টনের মাধ্যমে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে চায় সরকার। এ লক্ষ্য অর্জনে ব্যবসার পরিবেশ উন্নয়ন, শিল্পের সক্ষমতা বৃদ্ধি, রপ্তানি বহুমুখীকরণ, দক্ষ মানবসম্পদ তৈরি এবং অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
২০২৬-২৭ অর্থবছরের বাজেট দলিলে সরকারের এ দীর্ঘমেয়াদি অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এতে অর্থনীতির বর্তমান দুর্বলতা কাটিয়ে বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানির মধ্যে একটি ইতিবাচক চক্র গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বাসসকে বলেন, বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানিকে সমন্বিতভাবে যুক্ত করে বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ করছে।
তিনি বলেন, একই সঙ্গে দক্ষতাভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। বিদ্যমান নেতিবাচক অর্থনৈতিক পরিস্থিতি থেকে বেরিয়ে বিনিয়োগ, উৎপাদন ও রপ্তানির মধ্যে ইতিবাচক ও টেকসই সম্পর্ক প্রতিষ্ঠা করতে চায় সরকার।
এ জন্য ব্যবসার পরিবেশ উন্নয়ন, ব্যবসা পরিচালনার ব্যয় কমানো এবং অপ্রয়োজনীয় বিধিনিষেধ ও নিয়ন্ত্রণ শিথিল করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানান তিনি। পাশাপাশি টেকসই জ্বালানি ও অবকাঠামো উন্নয়ন, সম্ভাবনাময় খাতে নীতিগত সহায়তা, বিনিয়োগ ও উৎপাদনে অর্থায়ন এবং সড়ক ও রেল যোগাযোগব্যবস্থা উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
প্রবৃদ্ধি বাড়ানোর লক্ষ্য
সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা অভিঘাত, দুর্নীতি, আর্থিক খাতের অব্যবস্থাপনা, জ্বালানি সংকট এবং বিনিয়োগকারীদের আস্থার ঘাটতিতে দেশের অর্থনীতিতে অস্থিরতা দেখা দিয়েছে।
বাজেট দলিলের তথ্য অনুযায়ী, ২০০৫-০৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৭৮ শতাংশ। ২০২২-২৩ অর্থবছরে তা কমে ৫ দশমিক ৭৮ শতাংশে দাঁড়ায়। পরের অর্থবছর ২০২৩-২৪ সালে প্রবৃদ্ধি আরও কমে ৪ দশমিক ২২ শতাংশ হয়। ২০২৪-২৫ অর্থবছরে তা নেমে আসে ৩ দশমিক ৪৯ শতাংশে।
বাজেট দলিলে প্রবৃদ্ধির এ মন্থরতার পেছনে কাঠামোগত দুর্বলতা, উচ্চ সুদের হার, সুশাসনের ঘাটতি ও দীর্ঘস্থায়ী মূল্যস্ফীতিকে দায়ী করা হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ১১ দশমিক ৬৬ শতাংশে পৌঁছেছিল। ওই সময়ে খাদ্য মূল্যস্ফীতি ছিল ১৪ দশমিক ১০ শতাংশ, যা মানুষের ক্রয়ক্ষমতায় চাপ সৃষ্টি করে।
এ পরিস্থিতি থেকে উত্তরণে চলতি অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২০৩০-৩১ অর্থবছরের জন্য জিডিপি প্রবৃদ্ধি ৮ দশমিক ৫ শতাংশ, মূল্যস্ফীতি ৫ শতাংশ, জিডিপির ২ দশমিক ৭ শতাংশের সমপরিমাণ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) এবং জিডিপির ৪০ শতাংশের সমপরিমাণ মোট বিনিয়োগের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
তিন ধাপে অর্থনৈতিক রূপান্তর
দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে সরকার তিন ধাপের ‘থ্রি-আর’ কৌশল বাস্তবায়ন করতে চায়। ধাপগুলো হলো—পুনরুদ্ধার ও স্থিতিশীলতা (রিকভারি অ্যান্ড স্ট্যাবিলাইজেশন), পুনঃপ্রতিষ্ঠা (রেস্টোরেশন) এবং দ্রুত উন্নয়নের জন্য পুনর্গঠন (রিকনস্ট্রাকশন ফর অ্যাকসেলারেশন)।
প্রথম ধাপটি এক বছর মেয়াদি। এ পর্যায়ে সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি সম্প্রসারণ, সরকারি সেবার মানোন্নয়ন, ব্যবসায়িক কার্যক্রম সহজ করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
তিন বছর মেয়াদি দ্বিতীয় ধাপে রাজস্ব সংস্কার, অভ্যন্তরীণ সম্পদ আহরণ, বেসরকারি বিনিয়োগ পুনরুজ্জীবিত করা এবং ব্যাংক ও আর্থিক খাতের সক্ষমতা বাড়ানো হবে। একই সঙ্গে রপ্তানি বহুমুখীকরণ, মানবসম্পদ উন্নয়ন এবং কৃষি, জ্বালানি ও অবকাঠামো খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
পাঁচ বছর মেয়াদি তৃতীয় ধাপে দক্ষতা উন্নয়ন, ডিজিটাল রূপান্তর, শক্তিশালী প্রতিষ্ঠান গঠন এবং বৈশ্বিক অর্থনীতির সঙ্গে বাংলাদেশের সংযোগ জোরদার করার পরিকল্পনা রয়েছে। এ পর্যায়ে জ্বালানি নিরাপত্তা ও জলবায়ু সহনশীলতা নিশ্চিত করে প্রযুক্তিনির্ভর, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে।
শিল্পায়ন ও কর্মসংস্থানে জোর
শিল্প খাত পুনরুজ্জীবিত করতে রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে সরকার। বাংলাদেশ পাটকল করপোরেশনের (বিজেএমসি) ইজারা দেওয়া ১৭টি পাটকলের মধ্যে ইতিমধ্যে ৯টিতে উৎপাদন শুরু হয়েছে। এতে প্রায় ৯ হাজার ৫০০ মানুষের কর্মসংস্থান হয়েছে। আরও তিনটি পাটকল চালুর প্রস্তুতি চলছে।
বৃহত্তর এ উদ্যোগের মাধ্যমে অতিরিক্ত ৫০ হাজার থেকে ৬০ হাজার কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে বলে বাজেট দলিলে উল্লেখ করা হয়েছে।
প্রাণ-আরএফএল গ্রুপের সঙ্গে ন্যাশনাল জুট মিলস ও স্টার জুট মিলস এবং হ্যামকো গ্রুপের সঙ্গে প্লাটিনাম জুবিলি জুট মিলসের ইজারা চুক্তির ফলে ৬১৯ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। এসব মিল থেকে বছরে ১ হাজার ১৭৫ কোটি টাকা রাজস্ব আয়ের প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন ও বিদেশি বাজার সম্প্রসারণে বিনিয়োগ উৎসাহিত করা হচ্ছে।
ফ্যামিলি ও ফার্মার কার্ড
সামাজিক সুরক্ষা সম্প্রসারণের অংশ হিসেবে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচির আওতায় প্রায় ৪১ লাখ অসহায় ও ঝুঁকিপূর্ণ পরিবারকে সহায়তা দেওয়ার প্রত্যাশা করছে সরকার। এ লক্ষ্যে দেশব্যাপী তথ্য সংগ্রহ ও পর্যায়ক্রমে কার্ড বিতরণের প্রস্তুতি চলছে। কর্মসূচিতে প্রায় ৭২ হাজার স্বেচ্ছাসেবক যুক্ত হওয়ার কথা রয়েছে।
কৃষকদের সহায়তায় ফার্মার কার্ড কর্মসূচির আওতায় আগামী অর্থবছরে প্রায় ৪৩ লাখ কৃষককে অন্তর্ভুক্ত করার লক্ষ্য রয়েছে। দীর্ঘ মেয়াদে ২ কোটি ৪০ লাখ ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষককে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা করা হয়েছে। যোগ্য কৃষকেরা কৃষি উপকরণের ব্যয় মেটানো ও উৎপাদন অব্যাহত রাখতে বছরে ২ হাজার ৫০০ টাকা করে পাবেন।
পানি সম্পদ ব্যবস্থাপনা ও কৃষি উৎপাদন বাড়াতে আগামী চার বছরে ১৪ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খনন বা পুনঃখননের কর্মসূচি নেওয়া হয়েছে। গত ছয় মাসে ৩৭৭ কিলোমিটার খননকাজ শেষ হয়েছে, যা নির্ধারিত ৩৬০ কিলোমিটারের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি।
এ ছাড়া ইমাম, মুয়াজ্জিন, হিন্দু পুরোহিত ও মন্দিরের সেবায়েতদের সামাজিক সুরক্ষার আওতায় আনার পরিকল্পনা রয়েছে। ২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচিতে প্রায় ৬০ হাজার উপকারভোগীকে অন্তর্ভুক্ত করা হতে পারে।
জ্বালানি ও অবকাঠামো উন্নয়ন
অর্থনীতির স্থিতিশীলতা নিশ্চিত করতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করা, টাকার বিনিময় হার স্থিতিশীল রাখা, রপ্তানি ও রেমিট্যান্স বাড়ানো, অপ্রয়োজনীয় আমদানি নিয়ন্ত্রণ এবং মুদ্রানীতি ও রাজস্বনীতির মধ্যে সমন্বয় উন্নত করার পরিকল্পনা রয়েছে।
জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১৫০টি গ্যাসকূপ উন্নয়নের মাধ্যমে দেশীয় গ্যাস উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি এলএনজি টার্মিনালের সক্ষমতা উন্নয়ন এবং জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
নবায়নযোগ্য জ্বালানির মধ্যে সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এ খাতে প্রস্তাবিত প্রণোদনার মধ্যে রয়েছে সৌরবিদ্যুৎ সরঞ্জাম আমদানিতে করছাড়, আর্থিক সহায়তা, স্বল্প সুদে ঋণ এবং প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রির সুযোগ। সরকারি দপ্তর ও উপযুক্ত সরকারি জমিতে সৌরবিদ্যুৎ স্থাপনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
অবকাঠামো উন্নয়নে সড়ক, সেতু, পরিবহন নেটওয়ার্ক ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এতে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, পণ্য পরিবহনের ব্যয় কমানো এবং গ্রামীণ উৎপাদকদের সঙ্গে শিল্প ও বাজারের সংযোগ জোরদার হবে বলে আশা করছে সরকার।
জননিরাপত্তা নিশ্চিত করাকেও অর্থনৈতিক উন্নয়নের সহায়ক হিসেবে দেখছে সরকার। পুলিশ নিয়োগ, প্রশিক্ষণ ও কার্যক্রম পরিচালনার সক্ষমতা বাড়িয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
লক্ষ্য অর্জনে বড় চ্যালেঞ্জ
সরকারের পরিকল্পনায় শিল্প সম্প্রসারণ, কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, সামাজিক সুরক্ষা, জ্বালানি নিরাপত্তা, অবকাঠামো উন্নয়ন এবং প্রাতিষ্ঠানিক সংস্কারকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়ার কথা বলা হয়েছে। তবে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য অর্জনে বিনিয়োগের পরিবেশ উন্নয়ন, ব্যাংক ও আর্থিক খাতের সংস্কার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জ্বালানি সরবরাহ নিশ্চিত করা এবং উৎপাদনশীলতা বাড়ানো গুরুত্বপূর্ণ হবে।
সরকারের প্রত্যাশা, সুশাসন প্রতিষ্ঠা, দেশি-বিদেশি বিনিয়োগ আহরণ এবং উৎপাদন ও রপ্তানি সক্ষমতা বাড়ানোর উদ্যোগগুলো সমন্বিতভাবে বাস্তবায়িত হলে নির্ধারিত সময়ের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার পথে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব হবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!