অর্থনীতি

ঋণের প্রতিটি টাকার সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে চায় সরকার: তিতুমীর

আপডেট: নভে ১৭, ২০২৬ : ০৪:৩৮ এএম ১৪ ০
ঋণের প্রতিটি টাকার সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে চায় সরকার: তিতুমীর

সরকারি ঋণের পরিমাণ নয়, বরং ঋণের অর্থ কীভাবে কার্যকরভাবে বিনিয়োগ করে সর্বোচ্চ অর্থনৈতিক ও সামাজিক সুফল পাওয়া যায়, সেটিই সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেছেন, ঋণ উন্নয়নের লক্ষ্য নয়, বরং উন্নয়নের একটি উপকরণ। ঋণের অর্থ এমন খাতে বিনিয়োগ করতে হবে, যা উৎপাদনশীলতা বাড়ায়, অবকাঠামোর উন্নয়ন ঘটায়, কর্মসংস্থান সৃষ্টি করে এবং মানবসম্পদের বিকাশে ভূমিকা রাখে।

সোমবার (১৬ নভেম্বর) কক্সবাজারে দুই দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল ডেট কনফারেন্স বাংলাদেশ ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. তিতুমীর বলেন, ‘আমরা কেবল কম ঋণ নেব, নাকি বেশি ঋণ নেব—তা নিয়ে বিতর্ক করছি না। বরং কীভাবে আরও ভালোভাবে ঋণ নেওয়া যায়, আরও ভালোভাবে বিনিয়োগ করা যায় এবং জনগণের কাছে জবাবদিহির জায়গা থেকে প্রতিটি একক সরকারি সম্পদের সর্বোচ্চ অর্থনৈতিক ও সামাজিক সুফল নিশ্চিত করা যায়, সেদিকে গুরুত্ব দিচ্ছি।’

বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক সংঘাতের কারণে জ্বালানি আমদানিতে অতিরিক্ত ৪২০ কোটি মার্কিন ডলার ব্যয় হয়েছে। এই বাড়তি ব্যয় বাংলাদেশের পছন্দের বিষয় ছিল না, আবার এড়ানোরও সুযোগ ছিল না।

এসব অর্থনৈতিক চাপের প্রভাবে প্রায় ৮০ লাখ মানুষ নতুন করে দারিদ্র্যসীমার নিচে নেমে গেছেন বলে জানান তিনি। তাঁর ভাষায়, মূল্যস্ফীতি ও অর্থনৈতিক বিপর্যয়ের কারণে দারিদ্র্য থেকে বেরিয়ে আসা অনেক মানুষ আবার দারিদ্র্যের কবলে পড়েছেন। এগুলো কেবল পরিসংখ্যান নয়, বাস্তব মানুষের জীবনের সংকট।

দেশের ঋণ পরিস্থিতি সম্পর্কে ড. তিতুমীর বলেন, বাংলাদেশের সরকারি ঋণের পরিমাণ ১৮ দশমিক ৯ ট্রিলিয়ন টাকার বেশি, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ৩৬ শতাংশ। সরকারি ও বেসরকারি খাত মিলিয়ে বৈদেশিক ঋণের পরিমাণ ১০৪ বিলিয়ন ডলারের বেশি। বছরে সুদ পরিশোধেই ব্যয় হচ্ছে এক ট্রিলিয়ন টাকার বেশি।

তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ মূলধন ও সুদ বাবদ ৪৪৯ কোটি ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। ২০৩০ অর্থবছরের মধ্যে বার্ষিক এ পরিশোধের পরিমাণ ৭৬০ কোটি ডলারে পৌঁছাতে পারে। অতীতে নেওয়া ঋণের গ্রেস পিরিয়ড শেষ হতে থাকায় আগামী বছরগুলোতে ঋণ পরিশোধের চাপ আরও বাড়বে।

এ পরিস্থিতিতে নতুন ঋণ নেওয়ার সময় সুদের হার, ঋণের মেয়াদ, পরিশোধের সময়সূচি, মুদ্রার ধরন এবং বিনিময় হারের ঝুঁকি বিবেচনায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

ঋণ ব্যবস্থাপনার ক্ষেত্রে জাতীয় মালিকানা ও বিশ্বাসযোগ্যতাকে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। তাঁর মতে, দেশের উন্নয়ন অগ্রাধিকার ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখেই ঋণ গ্রহণ করতে হবে। পাশাপাশি ঋণের তথ্য, ব্যয় ও ঝুঁকি সম্পর্কে স্বচ্ছতা নিশ্চিত করার মাধ্যমে জনগণের কাছে জবাবদিহি থাকতে হবে।

রাজস্ব আয় বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরে ড. তিতুমীর বলেন, বাংলাদেশের কর-জিডিপি অনুপাত কম। আগামী পাঁচ বছরে জিডিপির অনুপাতে রাজস্ব আয় দুই শতাংশীয় পয়েন্ট বাড়ানোর লক্ষ্য রয়েছে। করের আওতা সম্প্রসারণ, কর প্রশাসনের ডিজিটালাইজেশন এবং অর্থনীতির আনুষ্ঠানিকীকরণের মাধ্যমে এ লক্ষ্য অর্জন করতে চায় সরকার।

সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে তিনি বলেন, বাজেট ঘাটতি মেটাতে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থ নেওয়া বন্ধ করা হয়েছে। এতে মুদ্রা সরবরাহের ওপর চাপ কমেছে এবং মূল্যস্ফীতি প্রায় ১০ শতাংশ থেকে কমতে শুরু করেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভও ৩০ বিলিয়ন ডলারের ওপরে উঠেছে। ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদের হার প্রায় ১২ শতাংশ থেকে কমে ৮ শতাংশের কাছাকাছি এসেছে।

দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য দেশীয় পুঁজিবাজারকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন অর্থ উপদেষ্টা। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি), ব্লেন্ডেড ফাইন্যান্স ও ক্রেডিট গ্যারান্টির মতো বিকল্প অর্থায়ন পদ্ধতি ব্যবহারের পরামর্শ দেন তিনি। পাশাপাশি দেশীয় ও বৈদেশিক ঋণ এবং স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি অর্থায়নের মধ্যে ভারসাম্য রাখার কথা বলেন।

ঋণ ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে ড. তিতুমীর বলেন, একটি ঋণ ব্যবস্থাপনা দপ্তর গঠন, পাবলিক ডেট আইন প্রণয়ন এবং ঋণের তথ্য ও ঝুঁকি বিশ্লেষণের সক্ষমতা বাড়ানো জরুরি। নিয়মিত ঋণের তথ্য প্রকাশ, মধ্যমেয়াদি ঋণ কৌশল ও বার্ষিক ঋণ গ্রহণ পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে আর্থিক ঝুঁকি আগেভাগে চিহ্নিত করা সম্ভব হবে।

বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরের পরিকল্পনা তুলে ধরে তিনি ‘রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’—এই তিন ধাপে এগিয়ে যাওয়ার কথা বলেন। ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পৌঁছানোর আকাঙ্ক্ষার কথা জানিয়ে তিনি উৎপাদন, শিল্পায়ন, রপ্তানি সক্ষমতা ও কর্মসংস্থান বাড়ানোর ওপর জোর দেন।

সামাজিক সুরক্ষা কর্মসূচির গুরুত্ব তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো উদ্যোগ দারিদ্র্য হ্রাস, মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক অন্তর্ভুক্তি বাড়াতে ভূমিকা রাখবে। এসব কর্মসূচি শুধু আর্থিক সহায়তা নয়, বরং মানবসম্পদ উন্নয়ন ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক সক্ষমতা তৈরির কৌশল।

ড. তিতুমীর বলেন, ঋণ ব্যবস্থাপনার সাফল্য শুধু কত টাকা ঋণ নেওয়া বা পরিশোধ করা হলো, তা দিয়ে বিচার করা যাবে না। ঋণের অর্থ কাজে লাগিয়ে অর্থনীতি ও মানুষের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনা গেল এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য কতটা অর্থনৈতিক ও সামাজিক সুফল তৈরি হলো, সেটিই হবে প্রকৃত মূল্যায়ন।

১৫ ও ১৬ নভেম্বর অনুষ্ঠিত এ সম্মেলনে সার্বভৌম ঋণের টেকসই ব্যবস্থাপনা, ঋণের ব্যয় ও ঝুঁকি, আন্তর্জাতিক বন্ডবাজার, আইএমএফের ঋণ স্থায়িত্ব মূল্যায়ন কাঠামো, দেশীয় বন্ডবাজারের বিকাশ এবং বিকল্প অর্থায়নের উৎস নিয়ে আলোচনা হয়।

অর্থ বিভাগ ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে আয়োজিত সম্মেলনে বাংলাদেশসহ প্রায় ৩০টি দেশের শতাধিক প্রতিনিধি অংশ নেন। তাঁদের মধ্যে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, বিভিন্ন দেশের ঋণ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ এবং বিশ্বব্যাংক, আইএমএফ ও এডিবির প্রতিনিধিরা ছিলেন। শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার ঋণ ব্যবস্থাপনা দপ্তরের প্রতিনিধিরাও এতে অংশ নেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!