বিশ্ববাজারে দরপতনের প্রভাব পড়েছে দেশের সোনার বাজারে। এর ফলে টানা ছয় দফায় সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। সর্বশেষ চার দিনের ব্যবধানে ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমানো হয়েছে। এতে ভালো মানের এই সোনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১০টা থেকে সারা দেশে নতুন দামে সোনা ও রুপা বিক্রি হচ্ছে। এর আগে ১৪ নভেম্বর ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা নির্ধারণ করেছিল বাজুস। ৬ নভেম্বর থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ছয় দফায় প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম কমেছে মোট ১৪ হাজার ২৮৮ টাকা।
বাজুসের নতুন মূল্যতালিকা অনুযায়ী, স্থানীয় বাজারে তেজাবি সোনার (বিশুদ্ধ সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন দরে হলমার্ক করা ২২ ক্যারেট সোনার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ১৮ হাজার ৪৬৫ টাকায়। ১১ দশমিক ৬৬৪ গ্রামে এক ভরি হিসাবে প্রতি ভরির দাম পড়ছে ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা। এ ছাড়া ২১ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ৫ হাজার ৬৯৫ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৬ হাজার ৭১০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনা ১ লাখ ৪৪ হাজার ৩৪২ টাকায় বিক্রি হচ্ছে।
এর আগে ২১ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ছিল ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা। ১৮ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা। নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেট সোনার দাম ভরিতে ২ হাজার ৯৯ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৭৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ১ হাজার ৪৫৮ টাকা কমেছে।
কমেছে রুপার দামও
সোনার পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী, হলমার্ক করা ২২ ক্যারেট রুপার প্রতি গ্রাম বিক্রি হচ্ছে ২৯০ টাকায়। সে হিসাবে প্রতি ভরির দাম ৩ হাজার ৩৮৩ টাকা। এর আগে এই মানের রুপার প্রতি ভরির দাম ছিল ৩ হাজার ৪৯৯ টাকা। অর্থাৎ ভরিতে দাম কমেছে ১১৬ টাকা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!