অর্থনীতি

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান ড. তিতুমীরের

আপডেট: নভে ২০, ২০২৬ : ০৫:৫৫ এএম ১২ ০
রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান ড. তিতুমীরের

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়কে কূটনৈতিক তৎপরতা ও রাজনৈতিক চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তিনি বলেছেন, মানবিক সহায়তা কখনো রাজনৈতিক সমাধানের বিকল্প হতে পারে না। একইভাবে উন্নয়নমূলক উদ্যোগের আড়ালে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহির বিষয়টিও এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।

আজ বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ব্র্যাক আয়োজিত ‘রোহিঙ্গা সংকটের দশম বছরে ও পরবর্তী সময়ে: নতুন করে করণীয় নির্ধারণ’ শীর্ষক নীতিনির্ধারণী সংলাপের উদ্বোধনী অধিবেশনে তিনি এসব কথা বলেন।

ড. তিতুমীর বলেন, মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে তাঁদের নিজ দেশে ফেরার উপযোগী পরিবেশ তৈরি করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে সমন্বিত উদ্যোগ নিতে হবে। এ সংকটের স্থায়ী সমাধান হলো নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসন।

গত সেপ্টেম্বরে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্থাপিত পাঁচ দফা প্রস্তাবের কথা উল্লেখ করে তিনি বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ একটি সমন্বিত উদ্যোগ নিয়ে এগোচ্ছে। এর মধ্যে রয়েছে মিয়ানমারে স্থিতিশীলতা প্রতিষ্ঠার মাধ্যমে প্রত্যাবাসনের জন্য বিশ্বাসযোগ্য রোডম্যাপ তৈরি, বেসামরিক মানুষের ওপর সহিংসতা বন্ধ, রোহিঙ্গাদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা, মানবিক সহায়তা অব্যাহত রাখা, আন্তর্জাতিক ব্যবস্থায় বিচার ও জবাবদিহি নিশ্চিত করা এবং আন্তসীমান্ত অপরাধ মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা বাড়ানো।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে সরাসরি যোগাযোগ অব্যাহত রেখেছে। যাচাইয়ের জন্য দেশটির কাছে আট লাখের বেশি রোহিঙ্গার তথ্যও হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন বহুপক্ষীয় প্ল্যাটফর্মে রোহিঙ্গা সংকটকে আন্তর্জাতিক আলোচনায় গুরুত্বের সঙ্গে তুলে ধরছে বাংলাদেশ।

সহায়তা কমছে, বাড়ছে সংকটের চাপ

রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক অর্থায়ন কমে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন ড. তিতুমীর। তিনি বলেন, ২০১৯ সালে এ সংকট মোকাবিলায় আন্তর্জাতিক মানবিক সহায়তা ছিল প্রায় ৬৯ কোটি ২০ লাখ মার্কিন ডলার। ২০২৫ ও ২০২৬ সালে তা কমে বছরে ৫০ কোটি ডলারের নিচে নেমে এসেছে। এ পর্যন্ত প্রায় ৮৩০ কোটি ডলারের প্রয়োজনের বিপরীতে ৫৫০ কোটি ডলারের কিছু বেশি সহায়তা পাওয়া গেছে।

চলতি বছরের যৌথ সাড়াদান পরিকল্পনায় (জেআরপি) ৭১ কোটি ৫ লাখ ডলার সহায়তা চাওয়া হয়েছে, যা আগের বছরের প্রয়োজনের তুলনায় প্রায় ২৫ শতাংশ কম। গত মে মাসে পরিকল্পনাটি প্রকাশের সময়ও এর ৩৭ শতাংশ অর্থায়নের ঘাটতি ছিল।

তিনি জানান, ২০১৯ সালে রোহিঙ্গাদের জন্য মাথাপিছু সর্বোচ্চ মানবিক সহায়তার পরিমাণ ছিল ৫৭৫ ডলার। ২০২৫ সালে তা কমে দাঁড়িয়েছে ৩০৫ ডলার ৩১ সেন্টে। অর্থায়নের ঘাটতিতে মৌলিক সেবাগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিছু রোহিঙ্গার জন্য খাদ্য সহায়তা কমে মাসে জনপ্রতি মাত্র সাত ডলারে নেমে এসেছে।

গত বছর শিবিরগুলোতে প্রায় ৩ লাখ ৫০ হাজার রোহিঙ্গা শিশু বিদ্যালয়ের বাইরে ছিল উল্লেখ করে তিনি বলেন, চলতি সপ্তাহ পর্যন্ত শিক্ষা খাতে প্রয়োজনীয় অর্থের মাত্র এক-চতুর্থাংশ এবং জীবিকা ও দক্ষতা উন্নয়ন খাতে এক-তৃতীয়াংশের সামান্য বেশি অর্থায়ন হয়েছে।

ড. তিতুমীর বলেন, প্রতিবছর নতুন করে স্বল্পমেয়াদি সহায়তা সংগ্রহের পরিবর্তে পূর্বানুমানযোগ্য ও বহু বছর মেয়াদি অর্থায়ন বেশি কার্যকর। এ সহায়তা অনুদান হিসেবে দিতে হবে। মিয়ানমারে শুরু হওয়া সংকটের দায় বাংলাদেশের ঋণের বোঝা হয়ে দাঁড়ানো উচিত নয়।

তিনি বলেন, বাংলাদেশের সীমিত রাজস্ব দিয়ে একটি আন্তর্জাতিক মানবিক দায়িত্বের অর্থায়ন অব্যাহত রাখা প্রত্যাশিত হতে পারে না। এ সংকটের কারণে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো, কর্মসংস্থান ও সামাজিক সুরক্ষার মতো দেশের নিজস্ব উন্নয়ন অগ্রাধিকার ক্ষতিগ্রস্ত হওয়া উচিত নয়।

আশ্রয়দাতা জনগোষ্ঠীর স্বার্থও বিবেচনায় নিতে হবে

২০১৭ সালে মানবিক বিবেচনায় সীমান্ত খুলে দেওয়ার পর থেকে বাংলাদেশ বিশ্বের অন্যতম বৃহৎ শরণার্থী জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে আসছে বলে উল্লেখ করেন অর্থ উপদেষ্টা। বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে প্রায় ১২ লাখ রোহিঙ্গা অবস্থান করছে। এর মধ্যে ২০২৪ সালের শুরু থেকে নতুন করে এসেছে প্রায় দেড় লাখ।

দীর্ঘস্থায়ী এ সংকটে আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর ওপর বাড়তি চাপের বিষয়টিও তুলে ধরেন তিনি। তাঁর ভাষ্য, উখিয়া ও টেকনাফের মানুষ বন ও কৃষিজমি, কর্মসংস্থান, পণ্যমূল্য, সরকারি সেবা এবং স্থানীয় অবকাঠামোর ওপর বাড়তি চাপের মুখে পড়েছে।

ড. তিতুমীর বলেন, রোহিঙ্গাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি আশ্রয়দাতা এলাকার বাংলাদেশি নাগরিকদের জীবন-জীবিকা সুরক্ষিত রাখাও সরকারের দায়িত্ব। স্থানীয় মানুষের অর্থনৈতিক সুযোগ, জীবিকা ও সরকারি সেবায় প্রবেশাধিকারকে রোহিঙ্গা সংকট মোকাবিলার পরিকল্পনার অবিচ্ছেদ্য অংশ করতে হবে।

তিনি বলেন, রোহিঙ্গা সংকট এখন শুধু মানবিক সমস্যা নয়; এটি বাংলাদেশের উন্নয়ন, সামাজিক সংহতি, পরিবেশ ও স্থানীয় অর্থনীতির জন্যও বড় চ্যালেঞ্জ।

দক্ষতা উন্নয়নকে দেখতে হবে প্রত্যাবাসনের প্রস্তুতি হিসেবে

রোহিঙ্গাদের জীবিকা ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে অর্থ উপদেষ্টা বলেন, মানবিক সহায়তার লক্ষ্য হওয়া উচিত তাঁদের এমনভাবে প্রস্তুত করা, যাতে ভবিষ্যতে নিজ দেশে ফিরে মর্যাদার সঙ্গে জীবন পুনর্গঠন করতে পারেন।

সহায়তা কমিয়ে দিলে প্রত্যাবাসন ত্বরান্বিত হবে না; বরং মানুষের দুর্ভোগ বাড়বে এবং তরুণদের মানব পাচার, মাদক নেটওয়ার্ক ও সশস্ত্র গোষ্ঠীর ঝুঁকিতে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেন তিনি।

ড. তিতুমীর বলেন, মিয়ানমারের শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা, স্বীকৃত দক্ষতার সনদ ও কিছু সঞ্চয় থাকলে তরুণ রোহিঙ্গারা রাখাইনে ফিরে নিজেদের জীবন পুনর্গঠনে তুলনামূলক ভালো অবস্থানে থাকবেন। তাই শিক্ষা, কারিগরি প্রশিক্ষণ ও জীবিকা উন্নয়নকে স্থায়ীভাবে বাংলাদেশে একীভূত হওয়ার উদ্যোগ হিসেবে নয়, বরং সম্ভাব্য প্রত্যাবাসনের প্রস্তুতি হিসেবে দেখতে হবে।

এসব উদ্যোগে আশ্রয়দাতা জনগোষ্ঠীও স্থানীয় নিয়োগ ও বিনিয়োগের মাধ্যমে উপকৃত হতে পারে বলে উল্লেখ করেন তিনি। তবে তা জাতীয় আইন ও নীতিমালা অনুসরণ করে পর্যায়ক্রমে, নিয়ন্ত্রিতভাবে এবং সরকারের নেতৃত্বে বাস্তবায়নের ওপর গুরুত্ব দেন।

বিচার ও জবাবদিহি নিশ্চিত করার তাগিদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর অপরাধের বিচারের ওপর গুরুত্বারোপ করে ড. তিতুমীর বলেন, গণহত্যা সনদের আওতায় গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) চলমান কার্যক্রম দীর্ঘমেয়াদি সমাধানের জন্য ন্যায়বিচার ও জবাবদিহির গুরুত্ব তুলে ধরছে।

তিনি বলেন, গত দুই বছরে রাখাইনের পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। তবে এখনো নিরাপদ প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরি হয়নি। এ পরিবেশ তৈরিতে বাংলাদেশ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কাজ করবে এবং মিয়ানমারকে তার নাগরিকদের ফিরিয়ে নেওয়ার দায়িত্ব পালনে দায়বদ্ধ রাখবে।

মন্ত্রিপরিষদ বিভাগের গঠিত জাতীয় কমিটির কথা উল্লেখ করে তিনি বলেন, গত জুলাইয়ে গঠিত এ কমিটি রোহিঙ্গা সংকট মোকাবিলায় একটি কৌশলপত্র তৈরির কাজ করছে।

গত ১৬ নভেম্বর রোহিঙ্গা শিবির পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে অর্থ উপদেষ্টা বলেন, সংকটটির রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটকে আন্তর্জাতিক পর্যায়ে আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। রোহিঙ্গা প্রতিনিধিরা জানিয়েছেন, সংকটকে শুধু মানবিক জরুরি অবস্থা হিসেবে তুলে ধরলে মিয়ানমারে কয়েক দশকের পদ্ধতিগত নিপীড়ন, প্রাতিষ্ঠানিক বৈষম্য ও নৃশংসতার বিষয়গুলো আড়ালে থেকে যায়।

রোহিঙ্গাদের কণ্ঠস্বর ও প্রতিনিধিত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তাঁদের শুধু মানবিক কর্মসূচির সুবিধাভোগী হিসেবে দেখলে চলবে না। নিজেদের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় তাঁদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, ‘আমাদের শুধু রোহিঙ্গাদের পক্ষে কথা বললেই হবে না, তাদের কথাও শুনতে হবে। তাদের অর্থবহ অংশগ্রহণ ছাড়া তাদের ভবিষ্যৎ নির্ধারণ করা সম্ভব নয়।’

সংলাপে উন্নয়ন সহযোগীদের দীর্ঘমেয়াদি ও পূর্বানুমানযোগ্য অর্থায়ন নিশ্চিত করার পাশাপাশি আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান ড. তিতুমীর। শিক্ষা, দক্ষতা উন্নয়ন, স্বাস্থ্যসেবা, জীবিকা, পরিবেশ পুনরুদ্ধার ও স্থানীয় অবকাঠামো খাতে সহায়তা জোরদারের ওপরও গুরুত্ব দেন তিনি।

তিনি বলেন, বাংলাদেশ নিজে এ সংকট সৃষ্টি করেনি, কিন্তু মানবিক বিবেচনায় এর দায়িত্ব নিয়েছে। সংকটের সমাধান না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক সম্প্রদায়কে বাংলাদেশের সঙ্গে এ দায়িত্ব ভাগ করে নিতে হবে।

রোহিঙ্গা সংকটের দশম বছরে আন্তর্জাতিক সম্প্রদায়ের নতুন অঙ্গীকার, আঞ্চলিক সহযোগিতা জোরদার, ন্যায়বিচার প্রতিষ্ঠায় অগ্রগতি এবং প্রত্যাবাসনের একটি বিশ্বাসযোগ্য পথ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!