চট্টগ্রামকে শুধু বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী নয়, পুরো অঞ্চলের অর্থনৈতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চায় সরকার। এ লক্ষ্যে বন্দর, বিমানবন্দর, গভীর সমুদ্রবন্দর, জ্বালানি ও সরবরাহ অবকাঠামোর উন্নয়নে বড় পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম বিমানবন্দরকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তোলার কাজও দ্রুত শুরু হবে।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের পলোগ্রাউন্ডে ৩২তম চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্য মেলা (সিআইটিএফ-২০২৬)-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত মাসব্যাপী এ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি আমিরুল হক।
অর্থমন্ত্রী বলেন, চট্টগ্রামকে এগিয়ে নেওয়ার পরিকল্পনা শুধু তাঁর একার নয়, প্রধানমন্ত্রী তারেক রহমানও এ অঞ্চলের সম্ভাবনাকে পূর্ণাঙ্গভাবে কাজে লাগাতে চান। চট্টগ্রামকে সঠিক জায়গায় নিয়ে যাওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী একাধিকবার আগ্রহ প্রকাশ করেছেন। এ সম্ভাবনা বাস্তবায়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, চট্টগ্রামকে শুধু বাণিজ্যিক রাজধানী হিসেবে দেখতে চায় না সরকার। এ শহরকে ঘিরে পুরো অঞ্চলের অর্থনীতির কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এ ক্ষেত্রে চট্টগ্রাম বন্দরের সক্ষমতা হবে সবচেয়ে বড় শক্তি।
আঞ্চলিক এভিয়েশন ও লজিস্টিক হাব হবে বিমানবন্দর
চট্টগ্রাম বিমানবন্দর সম্প্রসারণে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে আলোচনা শেষ হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, শিগগিরই এ কাজ শুরু হবে। বিমানবন্দরকে শুধু সম্প্রসারণ নয়, একটি পূর্ণাঙ্গ লজিস্টিক হাব হিসেবেও গড়ে তোলা হবে।
তিনি বলেন, বিমানবন্দরে কার্গো ভিলেজ এবং পণ্য সংরক্ষণের জন্য কোল্ড চেইন সুবিধাসহ পৃথক স্টোরেজ নির্মাণ করা হবে। এতে তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবেশে পচনশীল পণ্য সংরক্ষণ ও বিতরণ এবং আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সমন্বয় সহজ হবে।
আন্তর্জাতিক সরবরাহব্যবস্থার সঙ্গে সংযোগ বাড়াতে দুবাইয়ের জেবেল আলী বন্দর এলাকায় ২০০ থেকে ৩০০ একর জায়গা চিহ্নিত করা হয়েছে বলেও জানান তিনি। সেখানে গুদাম ও পণ্য সংরক্ষণের অবকাঠামো গড়ে তোলা হবে। এসব সুবিধার মাধ্যমে চট্টগ্রামসহ বাংলাদেশ ও আশপাশের অঞ্চলে পণ্য সরবরাহ করা সম্ভব হবে।
মহেশখালী ও খুলনায় গভীর সমুদ্রবন্দর
চট্টগ্রাম বন্দর নদীভিত্তিক হওয়ায় বড় জাহাজ চলাচলে সীমাবদ্ধতা রয়েছে উল্লেখ করে আমির খসরু বলেন, এ সীমাবদ্ধতা কাটাতে গভীর সমুদ্রবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, সিঙ্গাপুরের পিএসএর সহযোগিতায় একটি বন্দর প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এটি তুলনামূলক গভীর হলেও পুরোপুরি গভীর সমুদ্রবন্দর নয়। এ কারণে মহেশখালীতে গভীর সমুদ্রবন্দর নির্মাণ করা হবে। পাশাপাশি খুলনাতেও আরেকটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে।
এসব বন্দরে ১৫ থেকে ২০ মিটার গভীরতা রাখার পরিকল্পনা রয়েছে, যাতে বড় জাহাজ সরাসরি ভিড়তে পারে। এতে আন্তর্জাতিক বাণিজ্যের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং পণ্য পরিবহনের সক্ষমতা বাড়বে।
গ্যাস সরবরাহ বাড়াতে নতুন উদ্যোগ
শিল্প ও বাণিজ্যের উন্নয়নে গ্যাস সরবরাহ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে অর্থমন্ত্রী বলেন, ভাসমান তরলীকৃত প্রাকৃতিক গ্যাস টার্মিনাল (এফএসআরইউ) নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। মহেশখালীতে গ্যাস সরবরাহের জন্য দক্ষিণ কোরিয়ার একটি কোম্পানি ইতিমধ্যে কাজ শুরু করেছে। জাপানের আরেকটি কোম্পানিও এ খাতে এগিয়ে এসেছে।
তবে চলমান সংকট সমাধানে অন্তত দুই বছর সময় লাগবে বলে জানান তিনি। মন্ত্রী বলেন, দায়িত্ব নেওয়ার দিনও তিনি এ কথা জানিয়েছিলেন। এক-দুই দিনের মধ্যে সংকট সমাধানের আশ্বাস দেওয়া বাস্তবসম্মত নয়।
২০৩৫ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি
দেশের অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরে আমির খসরু বলেন, বিগত সরকারের ব্যাপক লুটপাট, দুর্নীতি ও অনিয়মের কারণে এখন বড় অঙ্কের ঋণের বোঝা টানতে হচ্ছে। ধ্বংস হয়ে যাওয়া ব্যাংকিং খাত পুনর্গঠন করতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত শেয়ারবাজারও ঠিক করতে হচ্ছে। এর সঙ্গে যুদ্ধ পরিস্থিতির কারণে উচ্চমূল্যে জ্বালানি কেনার চাপ রয়েছে।
এত সংকটের মধ্যেও সরকার বড় ও উচ্চাকাঙ্ক্ষী উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত সরকারের জনসমর্থনই এসব পরিকল্পনা বাস্তবায়নে সাহস জোগাচ্ছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘মানি ইজ নো প্রবলেম’ বক্তব্য উদ্ধৃত করে অর্থমন্ত্রী বলেন, ভালো ও লাভজনক প্রকল্প হলে অর্থায়নের সমস্যা হয় না। এ ধারণার ভিত্তিতেই উন্নয়ন পরিকল্পনা ও অর্থায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
২০৩৫ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য রয়েছে জানিয়ে তিনি বলেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে আবারও দুর্বৃত্তায়নের রাজনীতি শুরু হয়েছে। অতীতে লুটপাটের যে মাশুল জনগণকে দিতে হচ্ছে, তা থেকে বেরিয়ে আসতে হবে।
অর্থনৈতিক অগ্রগতিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
অর্থমন্ত্রী ব্যবসায়ীসহ দেশের সব শ্রেণি-পেশার মানুষকে অর্থনৈতিক অগ্রগতির স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বলেন, অর্থনৈতিক উন্নয়ন শুধু সরকারের দায়িত্ব নয়। রাজনীতিবিদ, ব্যবসায়ী ও সাধারণ মানুষ—সবারই ভূমিকা রয়েছে। যারা দেশের অর্থনৈতিক অগ্রগতিকে বাধাগ্রস্ত করতে চায়, তাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে। এটি শুধু সরকারের নয়, দেশের প্রত্যেক মানুষের স্বার্থের বিষয়।
অতীতে বাংলাদেশের অর্থনীতি কিছু মানুষের হাতে পুঞ্জীভূত ছিল উল্লেখ করে তিনি বলেন, সরকার সেই অবস্থা থেকে বেরিয়ে এসে অর্থনৈতিক সুযোগ সবার জন্য উন্মুক্ত করতে চায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবু সুফিয়ান, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন, চিটাগাং চেম্বারের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার আলী আহমেদ, জ্যেষ্ঠ সহসভাপতি মো. আমজাদ হোসেন চৌধুরী, সহসভাপতি মশিউল আলম স্বপন এবং চেম্বারের পরিচালক ও বাণিজ্য মেলা কমিটির আহ্বায়ক সাইফুল আলম।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!