অর্থনীতি

সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, সংখ্যা ছাড়াল ৩০০

আপডেট: নভে ২১, ২০২৬ : ০৬:১৭ এএম ১০ ০
সবুজ কারখানায় বিশ্বে শীর্ষে বাংলাদেশ, সংখ্যা ছাড়াল ৩০০

পরিবেশবান্ধব শিল্পায়নে নতুন মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) লিড (এলইইডি) সনদ পেয়েছে দেশের আরও ১২টি তৈরি পোশাক, বস্ত্র ও পোশাকশিল্পের আনুষঙ্গিক পণ্য উৎপাদনকারী কারখানা।

এ নিয়ে দেশে লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০২টিতে। এর মধ্য দিয়ে বিশ্বের সব দেশের মধ্যে সবুজ কারখানার সংখ্যায় শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ। নতুন করে সনদ পাওয়া ১২টি কারখানার মধ্যে ৯টি প্লাটিনাম এবং ৩টি গোল্ড ক্যাটাগরিতে স্বীকৃতি পেয়েছে। এসব কারখানার মধ্যে ঢাকার ধামরাইয়ে অবস্থিত অ্যাডজি ট্রিমস লিমিটেড সর্বোচ্চ ৯৭ পয়েন্ট পেয়ে প্লাটিনাম সনদ অর্জন করেছে।
বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের (বিএভি) সংকলিত তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৩০২টি লিড সনদপ্রাপ্ত কারখানার মধ্যে ১৩৪টি প্লাটিনাম, ১৪৮টি গোল্ড, ১৬টি সিলভার এবং ৪টি সার্টিফায়েড ক্যাটাগরিতে রয়েছে।
এ ছাড়া বিশ্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশে অবস্থিত। ফলে শুধু কারখানার সংখ্যায় নয়, আন্তর্জাতিক মানের পরিবেশবান্ধব শিল্প স্থাপনেও বাংলাদেশের অবস্থান শক্তিশালী হয়েছে।

প্লাটিনাম সনদ পেয়েছে ৯ কারখানা

নতুন করে প্লাটিনাম সনদ পাওয়া কারখানাগুলোর মধ্যে রয়েছে গাজীপুরের ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড। প্রতিষ্ঠানটি ৯১ পয়েন্ট পেয়েছে। একই জেলার প্রবৃদ্ধি অ্যাপারেলস লিমিটেড ৮৮ পয়েন্ট এবং এল ইউসিন ফ্যাশন লিমিটেড ৮৫ পয়েন্ট অর্জন করেছে।
নারায়ণগঞ্জের এফকেএল প্রিন্টিং বিল্ডিং পেয়েছে ৮৬ পয়েন্ট। চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিমিটেড ৮৪ পয়েন্ট এবং কেডিএস অ্যাপারেলস লিমিটেডের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট পেয়েছে ৮২ পয়েন্ট।
এ ছাড়া সাভারের ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) পুরোনো অঞ্চলে অবস্থিত প্যাক্সার বাংলাদেশ লিমিটেড এবং গাজীপুরের বিপ্রবর্তায় অবস্থিত এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেড ৮২ পয়েন্ট করে অর্জন করেছে। সর্বোচ্চ ৯৭ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে ধামরাইয়ের অ্যাডজি ট্রিমস লিমিটেড।

গোল্ড সনদ পেয়েছে ৩ কারখানা

নতুন করে গোল্ড সনদ পাওয়া তিনটি কারখানা হলো নারায়ণগঞ্জের বার্নালী কালেকশনস লিমিটেডের নিটিং ইউনিট, চট্টগ্রামের বেস্টেক বিডি লিমিটেড এবং টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত এক্সপোর্ট বিল্ডিং-২।
এর মধ্যে বার্নালী কালেকশনস লিমিটেডের নিটিং ইউনিট ৬৮ পয়েন্ট, বেস্টেক বিডি লিমিটেড ৬৬ পয়েন্ট এবং এক্সপোর্ট বিল্ডিং-২ পেয়েছে ৬৪ পয়েন্ট।

কীভাবে দেওয়া হয় লিড সনদ

লিড সনদ পরিবেশবান্ধব ভবন ও শিল্পকারখানার আন্তর্জাতিক স্বীকৃতি। জ্বালানি ও পানির সাশ্রয়, সম্পদের দক্ষ ব্যবহার, বর্জ্য ব্যবস্থাপনা এবং ভবনের অভ্যন্তরীণ পরিবেশের গুণগত মানসহ বিভিন্ন মানদণ্ডের ভিত্তিতে এ সনদ দেওয়া হয়।
বিশ্বের সর্বোচ্চ রেটিং পাওয়া ১০০টি সবুজ কারখানার মধ্যে ৫৩টি বাংলাদেশে থাকা তৈরি পোশাক ও বস্ত্র খাতের পরিবেশবান্ধব উৎপাদনব্যবস্থার অগ্রগতির প্রমাণ হিসেবে দেখা হচ্ছে। নতুন ১২টি কারখানার অন্তর্ভুক্তির ফলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের এ অবস্থান আরও সুসংহত হলো।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!