দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্তে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমানো হয়েছে। এতে ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।
গত এক বছরের মধ্যে এটিই স্বর্ণের সর্বনিম্ন দাম।
গতকাল শনিবার রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করা হয়। আজ রোববার (২২ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে।
বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির বৈঠকে স্বর্ণের নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়। কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বিজ্ঞপ্তিতে সই করেন।
নতুন মূল্য অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ভ্যাটসহ ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। আগের দাম ছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।
অপরিবর্তিত রুপার দাম
স্বর্ণের দাম কমলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৩৩ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ৯২৫ টাকা।
গয়না কেনাবেচায় যেসব নিয়ম
বাজুস জানিয়েছে, গয়নার নকশা ও মান অনুযায়ী মজুরি নির্ধারণ করতে হবে। ঘোষিত স্বর্ণের দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।
এ ছাড়া মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে গয়না বদল করলে ৯ শতাংশ এবং বিক্রি করলে ১৫ শতাংশ বাদ দিতে হবে। এ ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট কাটা যাবে না।
পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি দোকানে নতুন দাম ও এসব নিয়ম কার্যকর থাকবে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!