দেশের তৈরি পোশাক খাতে চলমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে ১৮ দিনে ৩১৭টি কারখানার উৎপাদন ক্ষতি হয়েছে ৪২৮ মিলিয়ন মার্কিন ডলার। একই সময়ে ২৫৪ মিলিয়ন ডলার মূল্যের ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের রপ্তানি আদেশ বাংলাদেশ থেকে অন্য দেশে সরিয়ে নিয়েছেন বিদেশি ক্রেতারা।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) এক জরিপের তথ্য থেকে এ চিত্র পাওয়া গেছে। বিজিএমইএর জরিপ অনুযায়ী, গত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি ও প্রতিবন্ধকতার কারণে জরিপে অংশ নেওয়া ৩১৭টি কারখানার উৎপাদন কার্যক্রম এক থেকে সর্বোচ্চ ১৬ দিন পর্যন্ত বন্ধ রাখতে হয়েছে। এতে কারখানাগুলোর উৎপাদন ক্ষতি হয়েছে ৪২৮ মিলিয়ন ডলার। ফ্রি অন বোর্ড (এফওবি) মূল্য বিবেচনায় এ ক্ষতির হিসাব করা হয়েছে।
উৎপাদন ব্যাহত হওয়ায় নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এতে অধিকাংশ রপ্তানি আদেশ ঝুঁকির মুখে পড়েছে। অর্ডার ধরে রাখতে কারখানাগুলোকে বাড়তি খরচে আকাশপথে পণ্য পাঠানো, বড় অঙ্কের মূল্যছাড় দেওয়া এবং কোনো কোনো ক্ষেত্রে অর্ডার বাতিলের মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে বলে জানিয়েছে বিজিএমইএ।
জরিপে বলা হয়েছে, অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিদেশি ক্রেতারা ইতিমধ্যে নিশ্চিত করা ৫ কোটি ৯০ লাখ পিস পোশাকের অর্ডার অন্য দেশে সরিয়ে নিয়েছেন। এসব রপ্তানি আদেশের বাজারমূল্য ২৫৪ মিলিয়ন মার্কিন ডলার।
তবে জরিপে উঠে আসা ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকৃত ক্ষতির আংশিক চিত্র বলে মনে করছে বিজিএমইএ। সংগঠনটির দাবি, ক্ষতিগ্রস্ত কারখানার সংখ্যা ৬০০-এর বেশি হলেও স্বল্প সময়ের জরিপে মাত্র ৩১৭টি কারখানা অংশ নিতে পেরেছে। এ ছাড়া জরিপের সময়সীমা ১৮ নভেম্বর পর্যন্ত নির্ধারিত হলেও শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি এখনো অব্যাহত রয়েছে। ফলে সামগ্রিক ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।
বিজিএমইএর মতে, আর্থিক ক্ষতির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি, নির্ভরযোগ্যতা ও ভবিষ্যৎ সম্ভাবনাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে বিপুলসংখ্যক রপ্তানি আদেশ অন্য দেশে স্থানান্তরের ঘটনা এ উদ্বেগের প্রতিফলন।
সংগঠনটি বলছে, দেশের অর্থনীতি এবং পোশাকশিল্পে নিয়োজিত লাখ লাখ শ্রমিকের জীবন-জীবিকার স্বার্থে এ সংকট থেকে দ্রুত উত্তরণ প্রয়োজন। উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল আচরণ এবং কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
বিজিএমইএর মহাসচিব মেজর জেনারেল ড. মো. সাহেদুল ইসলাম (অব.) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!