বিনোদন

শাকিবের অবস্থান অনেক উঁচুতে, প্রশ্নটাই ভুল: অপু বিশ্বাস

আপডেট: ফেব ০৪, ২০২৬ : ০৩:৩২ পিএম ৬০ ০
শাকিবের অবস্থান অনেক উঁচুতে, প্রশ্নটাই ভুল: অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস সাম্প্রতিক নানা আলোচিত-সমালোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন। এক অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি ট্রল, সিনিয়র শিল্পীদের প্রতি সম্মান এবং শোরুম উদ্বোধন নিয়ে হওয়া সমালোচনার বিষয়ে খোলামেলা কথা বলেন।

চিত্রনায়ক শাকিব খানের প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, এ বিষয়ে তুলনামূলক প্রশ্ন করাটাই ঠিক নয়। তাঁর ভাষায়, “এটা বলা বা প্রশ্ন করাটাই ভুল। উনি আমাদের অনেক বড় মাপের একজন অভিনেতা। উনার প্রতি সম্মান আছে, আর উনার অবস্থান অনেক উঁচুতে।” তিনি মনে করেন, চলচ্চিত্র জগৎ এগিয়ে যাওয়াটাই সবচেয়ে ইতিবাচক দিক।

নিজেকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে হওয়া ট্রল নিয়ে অপু বিশ্বাস বলেন, পরিচিত ও বড় মাপের মানুষেরাই বেশি ট্রলের শিকার হন। তিনি বলেন, “আমাদের দেশের অনেক রাষ্ট্রনায়ককেও ট্রল করা হয়। পরিচিত মুখ হলে মানুষ কনটেন্ট বানায়, কারণ সেগুলো সহজে ভাইরাল হয়।”

ট্রলের ধরন প্রসঙ্গে তিনি আরও বলেন, অনেক সময় চেহারা ও পোশাক বিকৃত করে বিভিন্ন কনটেন্ট ছড়ানো হয়, যা মূলত ভাইরাল হওয়ার উদ্দেশ্যেই করা হয়।

নিজের ব্যক্তিত্ব নিয়ে অপু বিশ্বাস বলেন, তিনি সহজ-সরল এবং খোলামেলা মানুষ। “মিথ্যা বলতে আমি জানি না। যা মনে আসে, সেটাই বলি। দর্শক ও ক্যামেরার পেছনের মানুষজন এটা ভালোভাবেই জানেন,” বলেন তিনি।

শোরুম উদ্বোধন বা ফিতা কাটাকে ঘিরে সমালোচনার জবাবে অপু বিশ্বাস বলেন, কোনো কাজই ছোট নয়। শিল্পী হিসেবে এসব কর্মকাণ্ডেরও সামাজিক গুরুত্ব আছে। তাঁর কথায়, “একটা উদ্বোধনের মাধ্যমে একটা বার্তা অনেক মানুষের কাছে পৌঁছে যায়। আমাদের ফ্যান-ফলোয়াররা এতে যুক্ত হন, এনগেজমেন্ট তৈরি হয়।”


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!