চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও অনুমতি ছাড়াই ছবি ব্যবহারের অভিযোগে এক কোটি টাকা ক্ষতিপূরণ চেয়েছিলেন অভিনেত্রী তামান্না ভাটিয়া। তবে তাঁর সেই আবেদন খারিজ করে দিয়েছেন মাদ্রাজ উচ্চ আদালত।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ২০০৮ সালের ৭ অক্টোবর একটি সাবান প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হন তামান্না। সেই চুক্তি অনুযায়ী, ২০০৯ সালের ৬ অক্টোবর পর্যন্ত পণ্যের মোড়কে তাঁর ছবি ব্যবহারের অনুমতি ছিল।
অভিনেত্রীর অভিযোগ, চুক্তির মেয়াদ শেষ হওয়ার পরও দীর্ঘ সময় ধরে সংস্থাটি তাঁর অনুমতি ছাড়াই পণ্যের প্রচারে ছবি ব্যবহার করে আসছিল। এতে তাঁর পেশাগত ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে এক কোটি টাকা দাবি করে আদালতের দ্বারস্থ হন তামান্না। এর আগে ওই প্রতিষ্ঠানের সঙ্গে প্রায় ৬ কোটি টাকার একটি বড় চুক্তিও ছিল তাঁর। তবে বিজ্ঞাপনটি নিয়ে বিতর্ক তৈরি হওয়ায় পরবর্তী সময়ে সেটি সরিয়ে নেওয়া হয়।
মামলাটি পর্যালোচনা শেষে আদালত জানান, ক্ষতিপূরণের দাবির পক্ষে উপস্থাপিত তথ্য–প্রমাণ যথেষ্ট নয়। ফলে আবেদনটি খারিজ করে দেওয়া হয়।
আদালতের এই সিদ্ধান্তকে তামান্নার জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!