বিনোদন

আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার

আপডেট: এপ্রি ১৯, ২০২৬ : ০৫:৩৬ এএম
আমাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছে : দীপা খন্দকার

ঢাকায় নির্মাতা মোস্তফা কামাল রাজ পরিচালিত জনপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বাড়ছে। ইউটিউব প্ল্যাটফর্মে প্রচারিত এই নাটকটি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনায় রয়েছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নাটকটির জনপ্রিয়তা ও নিজের চরিত্র নিয়ে কথা বলেছেন অভিনেত্রী দীপা খন্দকার।

নাটকটিতে ‘ফাতেমা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়াচ্ছেন দীপা খন্দকার। তিনি বলেন, দীর্ঘ অভিনয়জীবনে কোনো নাটকের প্রতিটি পর্বের জন্য দর্শকদের এমন অপেক্ষা খুব কমই দেখেছেন। দর্শকদের এই আগ্রহকে তিনি ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন।

নাটকটির সাফল্যের কৃতিত্ব নির্মাতা মোস্তফা কামাল রাজকে দিয়ে দীপা বলেন, দর্শকদের জন্য ভালো কিছু করার চেষ্টা ছিল তাঁদের। কিন্তু তা এতটা সাড়া ফেলবে, তা আগে থেকে ভাবেননি। এ জন্য দর্শকদের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

পর্দার এই চরিত্রটি তার ব্যক্তিগত জীবনের এক অপূর্ণতাও পূরণ করেছে বলে জানান এই অভিনেত্রী। তিনি বলেন, বাস্তব জীবনে ভাই না থাকায় কখনো ‘ফুপু’ হওয়ার সুযোগ হয়নি তার। তবে নাটকের চরিত্রের মাধ্যমে দর্শকই তাকে ‘জাতীয় ফুপু’ বানিয়ে দিয়েছেন—যা তার জন্য বিশেষ এক অনুভূতি।

বর্তমানে নাটকটির একাধিক পর্ব প্রকাশিত হয়েছে এবং প্রতিটি পর্বেই দর্শকদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। এতে দীপা খন্দকারের স্বামীর চরিত্রে অভিনয় করছেন ইন্তেখাব দিনার। পরিবারের গল্প ও আবেগঘন উপস্থাপনায় নাটকটি দর্শকদের সঙ্গে সহজেই সংযোগ তৈরি করতে পেরেছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!