দেশের প্রখ্যাত অভিনেতা ও নির্মাতা তৌকীর আহমেদ–এর জীবনের ছয় দশক পূর্তি উপলক্ষে রাজধানীর শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। সেখানে আবেগঘন স্মৃতিচারণ করেন তাঁর শ্বশুর, বর্ষীয়ান অভিনেতা আবুল হায়াত।
রোববার অনুষ্ঠিত ‘ছয় দশক পেরিয়ে তৌকীর আহমেদ’ শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, “তৌকীর আমাকে সবচেয়ে বেশি কাঁদিয়েছে।” কথাটি বললেও তা ছিল ভালোবাসা ও আবেগে ভরা স্মৃতির অংশ।
আবুল হায়াত তাঁর বক্তব্যে তৌকীর আহমেদের পড়াশোনার প্রতি আগ্রহ ও সৃজনশীলতা নিয়ে মুগ্ধতা প্রকাশ করেন। তিনি বলেন, “তার সঙ্গে এক ঘণ্টা আড্ডা দিলে মনে হয় আমি অনেক কিছু শিখলাম। সে সব সময় বই পড়ে, নতুন কিছু জানার চেষ্টা করে।”
তৌকীরের স্ত্রী বিপাশা হায়াত–এর বইপড়ার অভ্যাসের কথাও তুলে ধরেন তিনি। জানান, ছোটবেলা থেকেই বিপাশার পড়াশোনার প্রতি গভীর আগ্রহ ছিল, যা এখনো অব্যাহত আছে। “এই দুজন মানুষ একত্রিত হওয়ার দিনটাই আমার জন্য সবচেয়ে আবেগের ছিল,”—বলেন তিনি।
জামাতাকে নিয়ে রসিকতাও করেন আবুল হায়াত। মেয়ের বিয়ের দিনকে স্মরণ করে তিনি বলেন, “সেদিন এত কেঁদেছি, জীবনে আর কাঁদিনি। তৌকীরই ছিল সেই ‘ভিলেন’।” একই সঙ্গে শাশুড়ির প্রতি তৌকীরের ভদ্র আচরণ ও আন্তরিকতার কথাও তুলে ধরেন তিনি।
উল্লেখ্য, ১৯৯৯ সালে বিয়ে করেন তৌকীর আহমেদ ও বিপাশা হায়াত। বর্তমানে তৌকীর চলচ্চিত্র নির্মাণে সক্রিয় থাকলেও অভিনয়ে কম দেখা যায়। অন্যদিকে বিপাশা অভিনয় থেকে দূরে রয়েছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!