সামাজিক মাধ্যমে যাচাই-বাছাই ছাড়া লেখালেখির প্রবণতা নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ভিত্তিহীন তথ্য ছড়িয়ে দেওয়া থেকে বিরত থাকতে তিনি অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ বিষয়ে কথা বলেন। পোস্টে তিনি লেখেন, সামাজিক মাধ্যমে অনেকেই না জেনে, না বুঝে এবং যাচাই না করে নানা বিষয়ে লিখে ফেলছেন, যার বেশিরভাগই নেতিবাচক।
এ সময় পেশাদার সাংবাদিকদের ভূমিকাও তুলে ধরেন সুনেরাহ। তিনি বলেন, সাংবাদিকেরা কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজেদের অবস্থান তৈরি করেন এবং তথ্য যাচাই করেই সংবাদ প্রকাশ করেন। তাই তাদের কাজের প্রতি সম্মান থাকা উচিত।
পোস্টের পরবর্তী অংশে উদ্দেশ্যপ্রণোদিত লেখা বা মতামতের আড়ালে অপপ্রচার চালানোর প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। “আমার এটা মনে হলো, ওটা মনে হলো—এভাবে কাউকে নিয়ে যা ইচ্ছে লেখা অযৌক্তিক,” উল্লেখ করেন এই অভিনেত্রী। তার মতে, অনেক ক্ষেত্রে এসব লেখার পেছনে ‘মনোযোগ আকর্ষণ’, ‘বিনোদন’ বা ‘আর্থিক লাভ’-এর উদ্দেশ্য কাজ করে।
সবশেষে ভক্ত-অনুরাগীদের উদ্দেশে তিনি বলেন, ভিত্তিহীন তথ্য বা গুজবে সময় নষ্ট না করে সচেতন থাকা জরুরি।
উল্লেখ্য, শোবিজ অঙ্গনের অন্যান্য তারকার মতো সুনেরাহও বিভিন্ন সময়ে সামাজিক মাধ্যমে ভুয়া তথ্য ও সমালোচনার মুখে পড়েছেন। বর্তমানে তিনি নাটক ও চলচ্চিত্র—দুই মাধ্যমেই কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!