শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ কেয়া পায়েল। অল্প সময়ের মধ্যেই অভিনয় দক্ষতায় জায়গা করে নিয়েছেন প্রথম সারির অভিনেত্রীদের কাতারে। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে ক্যারিয়ারের শুরুর দিনগুলো নিয়ে কথা বলেন তিনি।
সেখানে নিজের প্রথম পারিশ্রমিকের কথা স্মরণ করে কেয়া পায়েল জানান, অভিনয়ের শুরুতে একটি নাটকের জন্য তিনি পেয়েছিলেন মাত্র ১০ হাজার টাকা।
২০১৮ সালে একটাই আমার তুমি নাটকের মাধ্যমে অভিনয়জগতে পা রাখেন তিনি। ওই নাটকে তার বিপরীতে অভিনয় করেছিলেন আফরান নিশো।
ছয় বছর আগের সেই অভিজ্ঞতার কথা তুলে ধরে কেয়া বলেন, “প্রথম নাটকে আমার পারিশ্রমিক ছিল ১০ হাজার টাকা। আজ সেই পরিশ্রমের ফল পাচ্ছি। আমি সবসময় বিশ্বাস করি, যদি ভালো কাজ করি, তবে টাকা নিজেই আসবে।”
অর্থের পেছনে না ছুটে কাজের প্রতি মনোযোগ দেওয়ার ওপর গুরুত্ব দেন এই অভিনেত্রী। তার মতে, শুধুমাত্র টাকার জন্য কাজ করলে শিল্পী হিসেবে টিকে থাকা কঠিন হয়ে পড়ে।
বর্তমানে অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও সময় দেওয়ার চেষ্টা করছেন কেয়া পায়েল। একই সঙ্গে একটি ছোট ব্যবসার দিকেও মনোযোগ দিচ্ছেন তিনি। তবে তার কাছে অভিনয়ই প্রধান পরিচয় বলে জানান এই তারকা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!