বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি আলিয়া ভাট ও রণবীর কাপুর। তাঁদের ঘর আলো করে এসেছে কন্যা সন্তান রাহা কাপুর। জন্মের পর থেকেই এই তারকা-সন্তানকে ঘিরে ভক্তদের আগ্রহ তুঙ্গে। অনেকেই ধারণা করছেন, বড় হয়ে বাবা-মায়ের মতোই রূপালি পর্দায় দেখা যাবে তাকে। তবে এ বিষয়ে মায়ের ভাবনা ভিন্ন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আলিয়া ভাট জানিয়েছেন, তিনি চান না তাঁর মেয়ে গ্ল্যামার জগতে পা রাখুক। বরং তিনি চান, রাহা বড় হয়ে একজন ক্রীড়াবিদ হোক। মেয়ের হাতে ব্যাট বা বল দেখতে চান এই অভিনেত্রী।
আলিয়া বলেন, ছোটবেলা থেকেই রাহার মধ্যে তিনি একজন অ্যাথলিটের গুণাবলি খুঁজে পাচ্ছেন। তাঁর ভাষায়, ‘আমি চাই ও বড় হয়ে একজন অ্যাথলিট হোক। ও খুবই চঞ্চল, সারাক্ষণ দৌড়ঝাঁপ করে, খেলাধুলা করতে ভালোবাসে। মাত্র তিন বছর বয়সেই ওর মধ্যে যে এনার্জি দেখি, তা একজন ক্রীড়াবিদের মতো।’
নিজের জীবনের অনুপ্রেরণা প্রসঙ্গে কথা বলতে গিয়ে আলিয়া কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন তাঁর মা সোনি রাজদান-কে। তিনি জানান, সংসার সামলানোর পাশাপাশি থিয়েটার ও টেলিভিশনে নিজের অভিনয় সত্ত্বাকে ধরে রাখার যে সংগ্রাম তাঁর মা করেছেন, সেটিই তাঁকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে।
আলিয়ার কথায়, ‘আমার মা-ই আমার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। তিনি সবসময় নিজের সত্ত্বাকে বাঁচিয়ে রেখেছেন—থিয়েটার হোক কিংবা টেলিভিশন।’
ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও এখন সাফল্যের শীর্ষে রয়েছেন আলিয়া ভাট। খুব শিগগিরই যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের নতুন ছবি ‘আলফা’-তে তাঁকে অ্যাকশন ঘরানায় দেখা যাবে। এ ছাড়া সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমায় স্বামী রণবীর কাপুর ও ভিকি কৌশল-এর সঙ্গে পর্দা ভাগ করে নিতে যাচ্ছেন এই অভিনেত্রী।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!