বলিউডের গ্ল্যামার জগতে নাচ ও পারফরম্যান্সে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। তবে আজকের এই জনপ্রিয় তারকার শৈশবের স্বপ্ন ছিল একেবারেই ভিন্ন—তিনি হতে চেয়েছিলেন একজন ফুটবলার।
সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের জীবনের শুরুর দিকের গল্প তুলে ধরে নোরা জানান, ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি তার গভীর আগ্রহ ছিল। কিন্তু মাত্র ১১ বছর বয়সে গুরুতর এক আঘাত তার সেই স্বপ্নে বড় ধরনের বাধা হয়ে দাঁড়ায়। সেই সময়টিকেই জীবনের সবচেয়ে কঠিন অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন তিনি।
খেলার মাঠ থেকে দূরে সরে গেলেও সেই অভিজ্ঞতা তাকে মানসিকভাবে আরও দৃঢ় করে তোলে বলে জানান নোরা। তার ভাষ্য, সেই কঠিন সময়ই পরবর্তীতে বিনোদন জগতে নিজেকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে অনুপ্রেরণা জুগিয়েছে।
বলিউডে তার যাত্রা শুরু হয় ‘রোর: টাইগার্স অব দ্য সুন্দরবনস’ সিনেমার মাধ্যমে। তবে জনপ্রিয়তা মূলত আসে দক্ষিণ ভারতীয় সিনেমার আইটেম গানগুলোতে পারফরম্যান্সের মাধ্যমে। ‘টেম্পার’, ‘বাহুবলী: দ্য বিগিনিং’ এবং ‘কিক টু’-এর মতো ছবিতে তার উপস্থিতি দর্শকদের নজর কাড়ে।
২০১৮ সালে ‘সত্যমেভ জয়তে’ সিনেমার ‘দিলবার’ গানের পুনর্নির্মাণে নোরার পারফরম্যান্স ব্যাপক সাড়া ফেলে। প্রকাশের প্রথম ২৪ ঘণ্টায় গানটি ইউটিউবে ২ কোটির বেশি ভিউ পেয়ে রেকর্ড গড়ে, যা সে সময় হিন্দি গানের ক্ষেত্রে বিরল ঘটনা ছিল।
ফুটবলার হতে না পারলেও ক্রীড়া অঙ্গনের সঙ্গেও নোরার সম্পর্ক থেমে থাকেনি। তিনি ২০২২ ফিফা বিশ্বকাপের ফ্যান ফেস্টিভ্যালে পারফর্ম করেন এবং বিশ্বকাপের থিম সং ‘লাইট দ্য স্কাই’-এ অংশ নেন। পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া আসরের উদ্বোধনী অনুষ্ঠানেও নিয়মিত পারফর্ম করতে দেখা যায় তাকে।
ফুটবল মাঠের স্বপ্ন পূরণ না হলেও বিনোদন জগতে নিজের অবস্থান শক্ত করে এখন বিশ্বজুড়ে পরিচিত মুখ হয়ে উঠেছেন নোরা ফাতেহি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!