ভারতের দক্ষিণী অভিনেত্রী ও বিগ বস তারকা আশু রেড্ডির বিরুদ্ধে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, লন্ডনে কর্মরত এক ভারতীয় নাগরিক ওয়াই ভি ধর্মেন্দ্রর কাছ থেকে প্রায় ৯ কোটি ৩৫ লাখ রুপি নেওয়ার অভিযোগ রয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে। হায়দরাবাদের সেন্ট্রাল ক্রাইম স্টেশনে মামলাটি দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, ২০১৮ সালে লন্ডনে এক সফরকালে আশু রেড্ডির সঙ্গে ধর্মেন্দ্রর পরিচয় হয়। পরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অর্থ নেওয়া হয় বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় ভুক্তভোগীর বাবা সত্যনারায়ণ মামলা দায়ের করেছেন বলে জানা গেছে। অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন আশু রেড্ডি। তিনি সামাজিক মাধ্যমে এসব অভিযোগকে ‘ভুয়া তথ্য’ বলে দাবি করেন এবং বলেন, তার সম্মতি ছাড়া বিভ্রান্তিকর খবর প্রচার করা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাটি ঘিরে দক্ষিণ ভারতীয় বিনোদন অঙ্গনে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।
তেলেগু সিনেমার পরিচিত মুখ আশু রেড্ডি ‘চাল মোহন রাঙ্গা’, ‘ফোকাস’, ‘স্পার্ক লাইফ’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন। তবে ‘বিগ বস তেলেগু’ শো-তে অংশ নেওয়ার পর তিনি ব্যাপক পরিচিতি পান।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!