বিনোদন

‘ভক্তরা এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি’—কেয়া পায়েল

আপডেট: এপ্রি ২৮, ২০২৬ : ০৬:০৫ এএম
‘ভক্তরা এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি’—কেয়া পায়েল

সৌন্দর্য বাড়াতে প্লাস্টিক সার্জারি করেছেন—এমন গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন ছোট পর্দার অভিনেত্রী কেয়া পায়েল। সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘদিন ধরে চলা আলোচনা-সমালোচনার বিষয়ে সম্প্রতি এক পডকাস্টে নিজের অবস্থান জানান তিনি।

পায়েল বলেন, “এই প্রথম আমি বিষয়টি নিয়ে কথা বলছি। প্রত্যেক মানুষই জন্মগতভাবে সুন্দর। আমি ছোটবেলা থেকেই নিজের সৌন্দর্য নিয়ে প্রশংসা শুনে বড় হয়েছি। আমার কাছে প্রাকৃতিক সৌন্দর্যটাই বেশি গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, নিজের সৌন্দর্য বাড়ানোর উদ্দেশ্যে বড় কোনো পরিবর্তনের চিন্তা তার ছিল না। তবে স্বীকার করেন, “টুকটাক দুই-একটি জিনিস একটু অ্যাড করেছি।”

এই মন্তব্যের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া তৈরি হয় বলে জানান এই অভিনেত্রী। তিনি বলেন, “তাতেই আমার ভক্তরা এমনভাবে ক্ষেপে গেল। তারা এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তখন মনে মনে বলেছিলাম, ভাই মাফ চাই, আর হবে না।”

পায়েল অভিযোগ করেন, অনেকেই যাচাই-বাছাই ছাড়াই মন্তব্য করেন। তার ভাষায়, “আমাদের দেশের মানুষ একটু অতি আবেগী। একজন কিছু বললে অন্যরাও না জেনেই সেটাই বলতে শুরু করে। এমনকি পাঁচ বছর আগের ছবিতেও এখন মন্তব্য করে।”

তিনি আরও বলেন, সামাজিক আচরণেও এমন প্রবণতা দেখা যায়। কোনো ঘটনা না জেনেই মানুষ ভিড় করে, যা একটি অভ্যাসে পরিণত হয়েছে বলে মনে করেন তিনি।

নিজের বক্তব্যে কেয়া পায়েল ভক্ত-অনুরাগীদের প্রতি সংযত ও সচেতন হওয়ার আহ্বান জানান।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!