বিনোদন

এখনও পুরোপুরি সুস্থ নন তানিয়া বৃষ্টি, চাইলেন দোয়া

আপডেট: মে ০৩, ২০২৬ : ০৫:৫৪ এএম
এখনও পুরোপুরি সুস্থ নন তানিয়া বৃষ্টি, চাইলেন দোয়া

চলতি বছরে ব্রেন টিউমার ধরা পড়া ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি এখনও পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি। অস্ত্রোপচারের পর কিছুটা উন্নতি হলেও বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিশ্রামে রয়েছেন।

শনিবার (২ মে) অভিনেত্রীর অফিসিয়াল ফেসবুক পেজ থেকে তার অসুস্থতার বিষয়টি জানানো হয়। সেখানে পেজের অ্যাডমিন শুভ এক পোস্টে লেখেন, তানিয়া বৃষ্টি শারীরিকভাবে কিছুটা অসুস্থ থাকলেও গুরুতর কোনো সমস্যা নেই। তিনি বর্তমানে চিকিৎসকের পরামর্শে বিশ্রামে আছেন।

পোস্টে আরও বলা হয়, তার দ্রুত সুস্থতার জন্য ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চাওয়া হয়েছে। এর আগে গত ১৪ ফেব্রুয়ারি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার প্রথম দফার অস্ত্রোপচার সম্পন্ন হয়। পরে শারীরিক জটিলতা দেখা দিলে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়। সেখানে দ্বিতীয় দফায় অস্ত্রোপচারের পর ২৩ মার্চ তিনি দেশে ফেরেন।

চিকিৎসা শেষে কিছুদিন সুস্থ থাকলেও সম্প্রতি আবারও তার শারীরিক অবস্থার অবনতি হয় বলে জানা গেছে। অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক মাধ্যমে ভক্তরা তার দ্রুত সুস্থতা কামনা করছেন। সহকর্মী ও দর্শকরাও তার আরোগ্যের জন্য দোয়া চেয়েছেন।

উল্লেখ্য, তানিয়া বৃষ্টি ছোটপর্দার ব্যস্ততম ও জনপ্রিয় অভিনেত্রীদের একজন। অসংখ্য নাটকে তার অভিনয় দর্শকপ্রিয়তা পেয়েছে। বর্তমানে তিনি সুস্থ হয়ে আবারও কাজে ফেরার অপেক্ষায় রয়েছেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!