ভারতের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বড় চমক দেখিয়েছে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা থালাপতি বিজয়ের দল ‘তামিলাগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে)। সর্বশেষ প্রাপ্ত ফলাফলে ক্ষমতাসীন ডিএমকে জোটকে পেছনে ফেলে এগিয়ে রয়েছে নতুন এই রাজনৈতিক শক্তি।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির তথ্য অনুযায়ী, রাজ্যের ২৩৪টি আসনের মধ্যে এখন পর্যন্ত টিভিকে ৮৭টি আসনে এগিয়ে রয়েছে। অন্যদিকে এআইএডিএমকে জোট ৭৫টি আসনে এগিয়ে থেকে দ্বিতীয় অবস্থানে আছে।
বর্তমান ক্ষমতাসীন দল ডিএমকে বড় ধরনের ধাক্কা খেয়েছে। গত নির্বাচনে ১৩৭টি আসনে জয় পেলেও এবার তারা এখন পর্যন্ত ৫৪টি আসনে এগিয়ে রয়েছে। তামিলনাড়ুতে সরকার গঠনের জন্য প্রয়োজন ১১৮টি আসন।
২০২৪ সালের ফেব্রুয়ারিতে রাজনীতিতে প্রবেশের ঘোষণা দেন থালাপতি বিজয়। তখন তিনি জানান, রাজনীতি তার কাছে কোনো শখ নয়, বরং জনগণের সেবা করার একটি ‘মিশন’। অভিনয় জগতে দীর্ঘদিনের জনপ্রিয়তা কাজে লাগিয়ে প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই তিনি রাজ্যের প্রতিষ্ঠিত রাজনৈতিক শক্তিগুলোর জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছেন বলে মনে করছেন বিশ্লেষকরা।
তার নির্বাচনী ইশতেহারে তরুণ, নারী ও মৎস্যজীবীদের জন্য বিশেষ সুযোগ-সুবিধার প্রতিশ্রুতি ভোটারদের আকৃষ্ট করেছে বলেও ধারণা করা হচ্ছে।
ফলাফল পুরোপুরি নিশ্চিত না হলেও থালাপতির এই অগ্রগতি তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!