বিনোদন

‘এই জয় আমার কাছে খুবই ব্যক্তিগত’: মিমি চক্রবর্তী

আপডেট: মে ০৬, ২০২৬ : ০৬:১৯ এএম
‘এই জয় আমার কাছে খুবই ব্যক্তিগত’: মিমি চক্রবর্তী

পশ্চিমবঙ্গের সাম্প্রতিক নির্বাচনী ফলাফলের পর আরজি কর মেডিকেল কলেজকেন্দ্রিক ঘটনার নির্যাতিতার মায়ের জয় নিয়ে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য মিমি চক্রবর্তী। তিনি এই জয়কে নিজের কাছে ‘খুবই ব্যক্তিগত’ বলে উল্লেখ করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ফল প্রকাশের পরপরই তিনি সংশ্লিষ্ট পোস্ট শেয়ার করে এই মন্তব্য করেন। যদিও একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, এই অর্জন কোনোভাবেই একজন মায়ের অপূরণীয় ক্ষতির বিকল্প হতে পারে না।

আরজি কর ইস্যুতে শুরু থেকেই সরব ছিলেন মিমি চক্রবর্তী। ঘটনার পর দোষীদের শাস্তির দাবিতে তিনি রাস্তায় নেমে প্রতিবাদে অংশ নেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় ভূমিকা রাখেন। এ অবস্থানকে কেন্দ্র করে তাকে নানা ধরনের কটূক্তি ও হুমকির মুখেও পড়তে হয়। তবে তিনি বারবারই জানিয়েছেন, হুমকি দিয়ে তাকে থামানো যাবে না।

উল্লেখ্য, ২০১৯ সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে যাদবপুর কেন্দ্র থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন মিমি চক্রবর্তী। তবে ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে তিনি সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ান এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ইস্তফা দেন।

রাজনৈতিক পরিচয়ের বাইরে মানবিক ইস্যুতে তার সরব উপস্থিতি ও অবস্থানকে ইতিবাচকভাবে দেখছেন অনেকে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!