অভিনয় ও চিত্রকলার পাশাপাশি সামাজিক মাধ্যমে আলোচনায় থাকা অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এবার আলোচনায় এসেছেন তার ‘কাক প্রীতি’ নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, কাকের প্রতি তার ভালোবাসা অনেক গভীর এবং ব্যক্তিগত অনুভূতি থেকে জন্ম নেওয়া।
মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের অভিনীত সিনেমা ‘পায়ল’ (আর্কটিক বিভাগ) নিয়ে অংশ নেন ভাবনা। সেখানে লাল গালিচায় তিনি দেশীয় বেনারসি পরিধান করে বাংলাদেশের সংস্কৃতি তুলে ধরেন। তবে পোশাকের চেয়ে বেশি আলোচনায় আসে তার কাক নিয়ে মন্তব্য।
ভাবনা বলেন, “ভালোবাসার উৎপত্তি আসলে ব্যাখ্যা করা যায় না। আমি পৃথিবীর সব কাককে ভালোবাসি। পুরান ঢাকায় বড় হয়েছি, সেখানে প্রথম যে পাখিটি দেখি সেটি ছিল কাক। সেই প্রথম দেখাতেই তাদের প্রতি এক ধরনের ভালো লাগা তৈরি হয়।”
কাক নিয়ে সামাজিক মাধ্যমে হওয়া ট্রল ও মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, তিনি এ বিষয়ে ইতিবাচকভাবে ভাবেন এবং নিজের ভালোবাসা প্রকাশ অব্যাহত রাখবেন। তাঁর ভাষায়, কাককে ভালোবাসার মাধ্যমে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক আরও গভীর হতে পারে।
তিনি আরও বলেন, কাক নিয়ে তিনি ছবি আঁকেন এবং এই ভালোবাসাকে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও তুলে ধরেছেন।
সমালোচকদের উদ্দেশে ভাবনা বলেন, তিনি প্রতিশোধে বিশ্বাস করেন না। তাঁর বিশ্বাস, প্রকৃতি নিজস্ব নিয়মে সব কিছুর জবাব দেয়।
মস্কো উৎসবে বেনারসি পোশাক পরার প্রসঙ্গে তিনি বলেন, বিদেশের মাটিতে তিনি সবসময় নিজেকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে ভাবেন। সেই ভাবনা থেকেই তিনি সবুজ-লাল বেনারসির মাধ্যমে দেশের সংস্কৃতি তুলে ধরার চেষ্টা করেছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!