বিনোদন

অশালীন গান বিতর্কে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

আপডেট: মে ০৮, ২০২৬ : ০৫:৫৯ এএম
অশালীন গান বিতর্কে প্রকাশ্যে ক্ষমা চাইলেন নোরা ফাতেহি

বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহি বিতর্কিত একটি গানকে ঘিরে প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। ‘সরকে চুনর তেরী সরকে’ গানটি নিয়ে দীর্ঘদিনের সমালোচনা ও আইনি প্রক্রিয়ার পর তিনি এ পদক্ষেপ নেন।

বৃহস্পতিবার ভারতের দিল্লি–এ জাতীয় নারী কমিশন–এর সামনে হাজির হয়ে তিনি এ বিষয়ে দুঃখ প্রকাশ করেন। একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতা থেকে অনাথ শিশুদের শিক্ষার দায়িত্ব নেওয়ার ঘোষণাও দেন এই অভিনেত্রী।

হাজিরা শেষে নোরা ফাতেহি বলেন, কাউকে আঘাত করা তার উদ্দেশ্য ছিল না। তবে একজন শিল্পী হিসেবে তিনি ঘটনার দায় স্বীকার করছেন এবং সবার কাছে ক্ষমা প্রার্থনা করছেন। তিনি আরও বলেন, পরিস্থিতি তাকে এমন অবস্থানে নিয়ে এসেছে, যেখানে তিনি সত্যিই লজ্জিত বোধ করছেন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার এই গানটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ে। গানের কথা ও নোরার নৃত্য পরিবেশনকে অনেকে অশালীন ও কুরুচিকর বলে অভিযোগ করেন। পরবর্তীতে গানটি নিষিদ্ধও করা হয়।

এই গানে অভিনেতা সঞ্জয় দত্ত–ও উপস্থিত ছিলেন। বিতর্কের পর জাতীয় নারী কমিশন তাকেও তলব করে। এর আগে গত ২৭ এপ্রিল তিনি কমিশনে হাজিরা দেন। তার আইনজীবী দাবি করেন, গানটির ভাষা তিনি বুঝতেন না, ফলে বিষয়টি সম্পর্কে অবগত না থেকেই তিনি অংশ নেন।

দুই তারকার ব্যাখ্যা ও ক্ষমা প্রার্থনার পর আলোচিত এই বিতর্ক কিছুটা প্রশমিত হবে বলে মনে করা হচ্ছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!