জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ বলেছেন, তার জীবনের প্রতিটি অর্জনের পেছনে সবচেয়ে বড় শক্তি হিসেবে কাজ করেছেন তার মা। মা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নিজের আবেগঘন জীবনের গল্প শেয়ার করতে গিয়ে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে ফারিণ বলেন, “আজকের এই অবস্থানে পৌঁছাতে বাবার চেয়ে মায়ের অবদানই সবচেয়ে বেশি। আমার মা বাবার সঙ্গে লড়াই করে আমাকে নাচের স্কুলে ভর্তি করিয়েছেন। মানুষ আবেগকে দুর্বলতা মনে করে, কিন্তু আমার মা সেটিকে শক্তি হিসেবে দেখেছেন।”
তিনি আরও জানান, ছোটবেলা থেকেই তার পড়াশোনা, গান শেখা এবং অভিনয়ের পথচলায় মায়ের অবদান ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। ফারিণ বলেন, “আমার অভিনয় ও সাংস্কৃতিক জীবনের সবকিছুর পেছনে আমার মা ছিলেন। স্কুলের পরীক্ষা থাকলেও তিনি আমাকে রিহার্সাল বা ক্লাসে নিয়ে যেতেন। রাত পর্যন্ত অপেক্ষা করতেন, বাসা থেকে খাবার নিয়ে আসতেন।”
শৈশবের স্মৃতি তুলে ধরে তিনি বলেন, “মা সবসময় আমার পাশে বটগাছের মতো ছিলেন, এখনো আছেন। তিনি আমার ভেতরের সৃজনশীলতাকে প্রথম চিনতে পেরেছিলেন এবং আমাকে এগিয়ে যেতে সাহস দিয়েছেন।”
অনুষ্ঠানে আবেগাপ্লুত হয়ে ফারিণ বলেন, মায়ের সঙ্গে তার সম্পর্ক এতটাই গভীর যে তিনি মায়ের প্রতি অগাধ ভালোবাসা ও নির্ভরতার কথা প্রকাশ করেন। এ সময় তিনি মায়ের দীর্ঘায়ু কামনা করেন এবং জানান, তার জীবনের প্রতিটি সফলতার পেছনে সবচেয়ে বড় প্রেরণা তার মা।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!