বিনোদন

নিজের সেরাটা দেওয়ার বাইরে কোনো অপশন নেই: নুসরাত ফারিয়া

আপডেট: মে ১২, ২০২৬ : ০৫:০২ এএম
নিজের সেরাটা দেওয়ার বাইরে কোনো অপশন নেই: নুসরাত ফারিয়া

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া বলেছেন, তারকাজীবনে প্রতিদিনই নিজেকে প্রমাণ করার চাপ থাকে, আর সেখানে নিজের সেরাটা দেওয়ার বাইরে কোনো বিকল্প নেই।

সম্প্রতি এক অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের ক্যারিয়ার, সংগ্রাম ও মানসিক চাপ নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী। নুসরাত ফারিয়া বলেন, জীবনে সফলতা পেতে হলে স্ট্রাগল অপরিহার্য। তিনি বলেন, “স্ট্রাগল ছাড়া জীবনে কিছু অর্জন করা যায় না। আমি এমন একজন ছিলাম, যে অনেক চেষ্টা করতাম, কিন্তু কখনো প্রথম, দ্বিতীয় বা তৃতীয় হতে পারতাম না।”

শৈশবের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, পড়াশোনায় ভালো করার জন্য সবসময় চেষ্টা করলেও প্রত্যাশিত ফল পাওয়া যেত না। সে সময় মায়ের একটি কথা তাকে অনেক অনুপ্রাণিত করেছিল বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, অভিনয়, গান ও উপস্থাপনার মাধ্যমে এখন পর্যন্ত তিনি ২৩টি সিনেমা, কয়েকটি গান এবং দেশে-বিদেশে শত শত স্টেজ শো করেছেন। তবে প্রতিটি কাজের সময়ই তার মধ্যে একই ধরনের নার্ভাসনেস কাজ করে।

নুসরাত ফারিয়ার ভাষায়, “প্রতিবার ক্যামেরার সামনে দাঁড়ালে মনে হয় এটা আমার প্রথম টেক, আবার শেষ টেকও হতে পারে।”

সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, তারকাদের জীবনে প্রতিদিনই বেস্ট থাকা বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে। সামান্য পরিবর্তন বা ভুল উচ্চারণও সমালোচনার কারণ হয়ে যায়।

তিনি বলেন, “একটু মোটা দেখালেও সমালোচনা, আবার সামান্য ভুল কথা বললেও সমালোচনা—আমাদের কাছে নিজের সেরাটা দেওয়ার বাইরে কোনো অপশন থাকে না।”

অনুষ্ঠানে নুসরাত ফারিয়া আরও বলেন, গ্ল্যামারাস জীবনের বাইরে তারকাদের প্রতিদিনই কঠোর পরিশ্রম ও মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হয়।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!