ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা জানিয়েছেন, তার ছোট ভাই তূর্য মির্জার সঙ্গে তার সম্পর্ক শুধু ভাই-বোনের নয়, বরং অনেক ক্ষেত্রে অভিভাবক ও সন্তানের মতো। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি পরিবারের প্রতি নিজের দায়িত্ববোধ ও আবেগঘন সম্পর্কের কথা তুলে ধরেন।
তমা মির্জা জানান, তার ছোট ভাই তূর্যর সঙ্গে বয়সের ব্যবধান প্রায় ১১ বছর। দীর্ঘ বিরতির পর পরিবারে কনিষ্ঠ সদস্য হিসেবে তূর্যর আগমন তার জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা করে।
তিনি বলেন, ২০১২ সালের দিকে তার বাবা গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সেই সময় ক্যারিয়ারের শুরুর দিকেই থাকলেও পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে হয় তাকে। ২০১৩ সালে বাবাকে চাকরি থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিতে অনুরোধ করেন এবং তখন থেকেই পরিবারের মূল দায়িত্ব নিজের ওপর নেন তিনি।
ভাইয়ের সঙ্গে সম্পর্কের গভীরতা তুলে ধরে তমা মির্জা বলেন, “তূর্যর কাছে আমি আম্মুর পরের জায়গাটাতেই আছি। আমি তার ভালো বন্ধু, আবার অভিভাবকও। আমি যখন কোনো রিলস বানাই বা ছবি তুলি, আগে ওকে দেখাই সব ঠিক আছে কি না। সে গান গাইতে খুব পছন্দ করে, আমাকে গান শোনায়।”
তিনি আরও বলেন, “কখনো কখনো তাকে আমার নিজের সন্তানের মতো মনে হয়। ও বড় কোনো ভুল করলেও আমি তাকে শাসন করতে পারি না। আম্মুকে বলি তুমি বকা দাও, কিন্তু আম্মু বলে ও তোমাকেই ভয় পায়। তবু আমি কিছুতেই ওকে বকা দিতে পারি না।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!