দফায় দফায় মুক্তি পেছানোর পর অবশেষে আসন্ন ঈদুল আজহায় মুক্তির কথা রয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘বনলতা সেন’-এর। জীবনানন্দ দাশের কালজয়ী কবিতার রহস্যময়ী চরিত্রকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমা ঘিরে শুরু থেকেই দর্শকদের আগ্রহ থাকলেও এবারও মুক্তি নিয়ে নতুন করে জটিলতা তৈরি হয়েছে।
সম্প্রতি সামাজিক মাধ্যমে সিনেমাটির একটি পোস্টার প্রকাশের পর মুক্তির বিষয়টি নিশ্চিত করেন প্রধান চরিত্রে অভিনয় করা অভিনেত্রী নাবিলা। তবে এর কিছুদিন পরই সিনেমাটির সহ-প্রযোজকের পক্ষ থেকে নতুন করে আইনি পদক্ষেপ নেওয়ায় সিনেমাটি ঘিরে অনিশ্চয়তা তৈরি হয়।
জানা গেছে, সহ-প্রযোজক তরুণ মজুমদার আবারও আদালতের দ্বারস্থ হওয়ায় মুক্তি প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে। যদিও প্রযোজনা সংশ্লিষ্টরা দাবি করছেন, ইতোমধ্যে আইনি জটিলতা নিরসনের পরই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।
এ বিষয়ে নাবিলা বলেন, সিনেমা মুক্তি নিয়ে শঙ্কা থাকার কথা নয়। তার ভাষায়, “ঈদে দ্বিতীয়বার আমার সিনেমা মুক্তি পাচ্ছে, এটা সত্যিই আনন্দের। তবে একই সঙ্গে কিছুটা নার্ভাসও লাগছে। যতটুকু জানি, সব সমস্যা সমাধানের পরই পোস্টার ও ঘোষণা এসেছে। আশা করছি নির্ধারিত সময়েই সিনেমাটি মুক্তি পাবে।”
ঈদে একাধিক সিনেমার প্রতিযোগিতা প্রসঙ্গে তিনি আরও বলেন, দর্শকরা এখন সব ধরনের সিনেমাই দেখছেন, তাই ভালো কনটেন্ট থাকলে গ্রহণযোগ্যতা মিলবেই।
২০২১-২২ অর্থবছরে ৭০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া এই সিনেমাটি নিয়ে শুরু থেকেই দর্শকদের আগ্রহ ছিল। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল ২০২৪ সালেই মুক্তির পরিকল্পনা করেছিলেন, তবে বিভিন্ন কারণে একাধিকবার তা পিছিয়ে যায়।
সিনেমাটিতে জীবনানন্দ দাশের চরিত্রে অভিনয় করেছেন খায়রুল বাসার। আরও অভিনয় করেছেন সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ ও শরিফ সিরাজসহ অনেকে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!