বিনোদন

নারীদের ‘হিরো’ হওয়ার পরামর্শ কঙ্গনার

আপডেট: মে ২০, ২০২৬ : ০৫:৪৪ এএম
নারীদের ‘হিরো’ হওয়ার পরামর্শ কঙ্গনার

সমাজে নারী নির্যাতন ও পারিবারিক সহিংসতার ঘটনা বেড়েই চলেছে। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশ্যে আসছে ভয়াবহ সব নির্যাতনের খবর। সম্প্রতি ভারতের পুণেতে বিয়ের ছয় মাসের মাথায় ‘মিস পুণে’খ্যাত তিশা শর্মার রহস্যজনক মৃত্যু এবং পাঞ্জাবে এক গায়িকাকে অপহরণের পর হত্যা করার ঘটনা নতুন করে আলোচনায় এসেছে।

এসব ঘটনার প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী Kangana Ranaut। নারীদের আত্মনির্ভরশীল হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, জীবনের সবচেয়ে বড় ভরসা হতে হবে নিজেকেই। কঙ্গনা বলেন, অনেক শিক্ষিত নারীও বিয়ের পর মানসিক ও পারিবারিক চাপে অসহায় হয়ে পড়েন। চরম পরিস্থিতির মুখোমুখি হলে তারা পরিবারের কাছে ফিরে যেতে চান, কিন্তু সমাজের প্রচলিত মানসিকতা অনেক সময় সেই পথও সংকুচিত করে দেয়।

নারীদের উদ্দেশে এই অভিনেত্রী বলেন, “সোশ্যাল মিডিয়া বা ডেটিং অ্যাপ হয়তো এসব কথা বলবে না, কিন্তু আমি বলছি—নিজের ক্যারিয়ারকে জীবনের সবচেয়ে বেশি গুরুত্ব দিন। জীবনে অন্য কেউ গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু তা যেন কখনোই নিজের পরিচয় ও স্বপ্নের চেয়ে বড় না হয়ে যায়।”

বিয়ের আগে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার ওপর জোর দিয়ে কঙ্গনা আরও বলেন, “পুরোপুরি স্বাধীন ও আত্মনির্ভরশীল হওয়ার পরই বিয়ের সিদ্ধান্ত নেওয়া উচিত। নিজের জীবনের হিরো বা রক্ষাকর্তা হিসেবে নিজেকেই তৈরি করতে হবে। বাইরে থেকে কেউ এসে আপনাকে উদ্ধার করবে—এমন আশা করে বসে থাকলে চলবে না।”

তিনি আরও বলেন, “আপনি কাকে বিয়ে করছেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি নিজের জন্য কেমন জীবন গড়ে তুলছেন। নিজের ইচ্ছা ও লক্ষ্য অনুযায়ী জীবন সাজান। এ ক্ষেত্রে অন্যের কথাকে প্রাধান্য দেওয়ার প্রয়োজন নেই।”

নারীদের আত্মমর্যাদা ও স্বাধীনতার প্রশ্নে বরাবরই সরব কঙ্গনা রানাওয়াত। এবারও সামাজিক বাস্তবতার প্রেক্ষাপটে তার বক্তব্য নতুন করে আলোচনায় এসেছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!