রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও নৃশংস হত্যার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন ঢালিউড তারকা শাকিব খান।
বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, এ ধরনের ঘটনা শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের মানবিকতা ও নিরাপত্তাব্যবস্থার ওপর প্রশ্ন তোলে। তিনি দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
শাকিব খান লেখেন, বিচার বিলম্ব হলে ভুক্তভোগী পরিবারের যন্ত্রণা আরও বাড়ে। তাই আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে এমন শাস্তি নিশ্চিত করা উচিত, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়।
তিনি আরও বলেন, “কোনো সন্তানের পিতাকে যেন বলতে না হয়—আমরা বিচার চাই না, এ দেশে বিচার নেই।” এ ঘটনায় জড়িত সন্দেহে প্রধান আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানা গেছে।
এদিকে ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিনোদন অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানাচ্ছেন।
এর আগে একই ঘটনায় পরিবারের সঙ্গে দেখা করেন তারেক রহমান এবং দ্রুত বিচার নিশ্চিতের আশ্বাস দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!