বিনোদন

চিৎকার না দিলে আমাকে ধর্ষণের চেষ্টা করতো: ফারিন

আপডেট: মে ২৩, ২০২৬ : ০৫:৩৬ এএম ১৪
চিৎকার না দিলে আমাকে ধর্ষণের চেষ্টা করতো: ফারিন

ঢাকা থেকে জামালপুরে একটি নাটকের শুটিংয়ে যাওয়ার পথে মাঝরাতে ভয়াবহ অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন অভিনেত্রী ফারিন খান। গত ১৩ তারিখ রাত সোয়া তিনটার দিকে একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে তাকে হেনস্তা ও ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ করেছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে পুরো ঘটনার বর্ণনা দেন এই অভিনেত্রী। তিনি জানান, মাঝরাতে বাধ্য হয়ে একটি পেট্রোল পাম্পের ওয়াশরুমে গেলে কিছুক্ষণের মধ্যেই তিনি অস্বস্তি অনুভব করেন।

ফারিন লেখেন, হঠাৎ করে মনে হয় পেছনে কেউ দাঁড়িয়ে আছে। পরে তাকিয়ে দেখেন ভেন্টিলেটর দিয়ে দুটি হাত তার গলার কাছে পৌঁছেছে। তার ভাষায়, “আমি যদি সময়মতো চিৎকার না দিতাম, তাহলে আমাকে মেরে ফেলে লুটপাট ও ধর্ষণের চেষ্টা করত।”

তিনি আরও জানান, চিৎকার শুনে তার গাড়িচালক দ্রুত ঘটনাস্থলে এগিয়ে আসেন। পরে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়। চালক জানান, ঘটনাস্থলের পাশে থাকা এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল।

অভিনেত্রী বলেন, ঘটনার পর তিনি ইউনিটের সদস্যদের বিষয়টি জানান এবং মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়েন। তিনি লেখেন, “বাহ্যিকভাবে সাহস দেখালেও ভেতরে আমি ভীষণ ভয়ে ছিলাম।”

নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে ফারিন বলেন, কর্মজীবী নারীরা প্রায়ই এমন পরিস্থিতির মুখোমুখি হন। তিনি আরও বলেন, সমাজে নারীদের পোশাক ও আচরণ নিয়ে বিচার করা হলেও নিরাপত্তার বিষয়টি উপেক্ষিত থেকে যায়।

ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার সহকর্মী ও ভক্তরা উদ্বেগ ও সমবেদনা জানিয়েছেন।

আরএস-

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!