বিনোদন

ভক্তদের অনুরোধেই নতুন ছবিতে কাজ করেছি: মিম

আপডেট: জুন ০২, ২০২৬ : ০৬:২১ এএম
ভক্তদের অনুরোধেই নতুন ছবিতে কাজ করেছি: মিম

দীর্ঘদিন পর দেশের সিনেমার পর্দায় ফিরছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। নতুন ছবিতে অভিনয়ের সিদ্ধান্ত নেওয়ার পেছনে ভক্তদের আগ্রহ ও প্রত্যাশাই বড় ভূমিকা রেখেছে বলে জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মিম বলেন, দীর্ঘ সময় ধরে নতুন কোনো দেশীয় সিনেমা মুক্তি না পাওয়ায় দর্শক ও ভক্তদের কাছ থেকে নিয়মিত প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। সেই ভাবনা থেকেই নতুন প্রজেক্টে যুক্ত হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।

মিম বলেন, ‘আমি ছবিটা করেছি মূলত ভক্তদের কথা চিন্তা করেই। অনেক দিন পর আমার কোনো নতুন কাজ দর্শকরা দেখতে পাবেন, এটা ভেবেই ভালো লাগছে। “অন্তর জ্বালা”র পর বাংলাদেশে আমার আর কোনো সিনেমা মুক্তি পায়নি। যদিও কলকাতায় “মানুষ” মুক্তি পেয়েছিল। কিন্তু দেশের দর্শকরা সব সময় জানতে চাইতেন, নতুন সিনেমা কবে আসছে।’

অভিনেত্রী জানান, এই সময়ের মধ্যে অসংখ্য সিনেমার প্রস্তাব পেয়েছিলেন তিনি। তবে গল্প ও চরিত্র পছন্দ না হওয়ায় বেশির ভাগ কাজই ফিরিয়ে দিতে হয়েছে।

তার ভাষায়, ‘অনেক সিনেমার গল্প আমাকে আকৃষ্ট করেনি। আবার কিছু চরিত্রে কাজ করার মতো যথেষ্ট সুযোগ ছিল না। আমি সব সময় এমন চরিত্র খুঁজি, যেখানে অভিনয়ের জায়গা থাকে। তাই মনমতো কিছু না হলে কাজ করি না।’

দীর্ঘ বিরতির কারণও ব্যাখ্যা করেছেন মিম। তিনি বলেন, একসময় মনে হয়েছে, দর্শকদের জন্য নতুন কিছু নিয়ে আসা প্রয়োজন। তখনই এই ছবির প্রস্তাব আসে। গল্প ও চরিত্র দুটিই ভালো লাগায় কাজটি করার সিদ্ধান্ত নেন।

নতুন ছবিতে নিজের চরিত্র নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী। তিনি বলেন, ‘চরিত্রটির মধ্যে অনেক গভীরতা আছে। আমি সব সময় এমন চরিত্রে কাজ করতে চাই, যার ভেতরে ঢোকার সুযোগ থাকে। গল্পজুড়ে চরিত্রটির গুরুত্বপূর্ণ উপস্থিতি থাকবে এবং দর্শকদের মনে দীর্ঘদিন জায়গা করে নেবে বলে আমার বিশ্বাস।’

এদিকে ভক্তদের জন্য আরও সুখবরও দিয়েছেন মিম। তিনি জানিয়েছেন, নতুন এই সিনেমার পাশাপাশি মুক্তির অপেক্ষায় রয়েছে তাঁর অভিনীত আরও কয়েকটি চলচ্চিত্র।

মিম বলেন, ‘আমার “দিগন্তে ফুলের আগুন” ছবির কাজ পুরোপুরি শেষ। ছবিটি নিয়ে আমি খুবই আশাবাদী। এ ছাড়া “লাইফ লাইন” ও “জীবন অপেরা”র কাজও শেষ হয়েছে। আশা করছি, একে একে সবগুলো সিনেমাই দর্শকদের সামনে আসবে।’

দীর্ঘ বিরতির পর একাধিক নতুন কাজ নিয়ে দর্শকদের কাছে ফিরতে যাচ্ছেন বিদ্যা সিনহা মিম। এখন দেখার বিষয়, তাঁর নতুন চলচ্চিত্রগুলো দর্শকদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!