বিনোদন

জোভান-তটিনীর অভিনয়ে মুগ্ধ দর্শক

আপডেট: জুন ০২, ২০২৬ : ০৬:২৩ এএম
জোভান-তটিনীর অভিনয়ে মুগ্ধ দর্শক

ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া নাটকগুলোর মধ্যে আলোচনায় রয়েছে রুবেল হাসান পরিচালিত ‘তোর মায়ায়’। নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও তানজিম সাইয়ারা তটিনী। মুক্তির পর থেকেই দর্শকদের প্রশংসা পাচ্ছেন এই দুই অভিনয়শিল্পী।

গত রোববার ইউটিউবে প্রকাশিত নাটকটির গল্প আবর্তিত হয়েছে দুই পরিবারের দ্বন্দ্ব, প্রেমিকযুগল আহান ও আদিয়ার সম্পর্কের টানাপোড়েন, ভুল বোঝাবুঝি এবং এক মর্মান্তিক সিদ্ধান্তকে কেন্দ্র করে। আবেগঘন গল্প ও অভিনয়ের কারণে নাটকটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

নাটকটি দেখে দর্শকেরা সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবের মন্তব্যের ঘরে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই জোভান ও তটিনীর অভিনয়ের প্রশংসা করে লিখেছেন, পর্দায় তাদের রসায়ন গল্পকে আরও বিশ্বাসযোগ্য করে তুলেছে।

কয়েকজন দর্শক মন্তব্যে জানিয়েছেন, নাটকের শেষ অংশ দেখে তারা আবেগাপ্লুত হয়েছেন। কারও কারও মতে, গল্পের পরিণতি এতটাই হৃদয়স্পর্শী যে চোখের পানি ধরে রাখা কঠিন ছিল।

একজন দর্শক লিখেছেন, দীর্ঘদিন পর এমন একটি নাটক দেখলেন, যেখানে গল্প ও অভিনয় সমানভাবে মন ছুঁয়েছে। আরেকজনের মতে, জোভান ও তটিনী বর্তমানে ছোট পর্দার অন্যতম জনপ্রিয় ও সফল জুটি।

এদিকে ঈদের পরদিন মুক্তি পেয়েছে এই জুটির আরেকটি নাটক ‘তোমাদের গল্প ২’। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত নাটকটির প্রথম কিস্তি গত বছর দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। নতুন কিস্তিটিও ইতিমধ্যে দর্শকদের আগ্রহ কাড়তে শুরু করেছে।

সিনেমাওয়ালা প্রযোজিত ‘তোমাদের গল্প ২’-এ জোভান ও তটিনীর পাশাপাশি অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, দীপা খন্দকার, মনিরা মিঠু, দিলারা জামানসহ আরও অনেকে।

ঈদের এই সময়ে ভিন্নধর্মী গল্পের দুটি নাটকে জোভান ও তটিনীর উপস্থিতি এবং অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। দর্শকদের একটি বড় অংশ মনে করছেন, সাম্প্রতিক সময়ে ছোট পর্দার অভিনয়ে নিজেদের আরও পরিণত করে তুলছেন এই দুই তারকা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!