বিনোদন

কিছু রাত নিঃশব্দেই বদলে দেয় সবকিছু : ঋতুপর্ণা

আপডেট: জুন ০৩, ২০২৬ : ০৬:০৯ এএম
কিছু রাত নিঃশব্দেই বদলে দেয় সবকিছু : ঋতুপর্ণা

টলিউডের জনপ্রিয় ও বহুমাত্রিক অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আবারও ভিন্নধর্মী এক চরিত্র নিয়ে দর্শকদের সামনে আসছেন। সামাজিক বাস্তবতা ও সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে নির্মিত নতুন চলচ্চিত্র ‘নেভার মাইন্ড’-এ অভিনয় করেছেন তিনি। সিনেমাটির মাধ্যমে প্রথমবারের মতো পরিচালকের আসনে বসেছেন অভিনেত্রী চৈতি ঘোষাল।

সম্প্রতি প্রকাশিত হয়েছে ছবিটির প্রচারঝলক। পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ঋতুপর্ণা লিখেছেন, “কিছু রাত আসে নিঃশব্দে, আর বদলে দিয়ে যায় সবকিছু। তেমনই এক রাতের গল্প নিয়ে আসছে ‘নেভার মাইন্ড’।” তার এই বার্তাই ছবির গল্প নিয়ে দর্শকদের মধ্যে নতুন কৌতূহলের জন্ম দিয়েছে।

সিনেমাটির আরেকটি উল্লেখযোগ্য দিক হলো, এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন পরিচালক চৈতি ঘোষালের ছেলে অমর্ত্য রায়। এর আগে অভিনয়ে দেখা গেলেও এবারই প্রথম মায়ের পরিচালনায় কাজ করলেন তিনি। মা-ছেলের এই নতুন যাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত।

‘নেভার মাইন্ড’-এর গল্প আবর্তিত হয়েছে এক নারীকে ঘিরে, যিনি নিজের অতীতের এক বিশেষ অধ্যায়ের সন্ধানে কলকাতার ঐতিহ্যবাহী পার্ক স্ট্রিটের একটি বারে পৌঁছান। সেখানে তার পরিচয় হয় এক তরুণ বার-সংগীতশিল্পীর সঙ্গে। ভিন্ন জীবনদর্শন, পেশা ও বাস্তবতায় বেড়ে ওঠা কিছু মানুষের গল্পই তুলে ধরা হয়েছে এই সিনেমায়।

নির্মাতারা জানিয়েছেন, পার্ক স্ট্রিটকে এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে দর্শকদের সামনে উপস্থাপন করা হবে। পাশাপাশি ছবিটিতে থাকবে একটি মানবিক ও সামাজিক বার্তা।

সিনেমাটির মূল গল্প লিখেছেন সম্রাট। চিত্রনাট্যে তার সঙ্গে কাজ করেছেন মিতালি ঘোষাল রুদ্র। চিত্রগ্রহণের দায়িত্বে ছিলেন গোপী ভগৎ। আর গান ও আবহসংগীত পরিচালনা করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী রূপম ইসলাম।

নতুন গল্প, নতুন নির্মাণভঙ্গি এবং শক্তিশালী অভিনয়ের সমন্বয়ে ‘নেভার মাইন্ড’ দর্শকদের জন্য হতে পারে এক ভিন্ন অভিজ্ঞতার সিনেমা।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!