বিনোদন

অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না তিশার

আপডেট: জুন ০৩, ২০২৬ : ০৬:১৪ এএম
অভিনেত্রী হওয়ার স্বপ্ন ছিল না তিশার

ছোট পর্দার জনপ্রিয় মুখ তাসনুভা তিশা। নাটক, ওটিটি ও ওয়েব কনটেন্টে অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। তবে অভিনয়জগতে আসার আগে তার স্বপ্ন ছিল একেবারেই অন্যরকম। সংবাদ উপস্থাপক কিংবা রেডিও জকি (আরজে) হওয়ার ইচ্ছাই ছিল তার মনে। সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর সময়ের নানা স্মৃতি তুলে ধরেছেন এই অভিনেত্রী।

চলচ্চিত্রে নিয়মিত কাজ করার প্রসঙ্গে তিশা বলেন, এখনো বড় পর্দায় খুব বেশি কাজ করা হয়নি তার। কিছু ওয়েব ফিল্মে অভিনয় করলেও পূর্ণাঙ্গ চলচ্চিত্রে নিয়মিত হওয়ার সুযোগ আসেনি। তিনি বলেন, ‘বড় কোনো প্রযোজনা প্রতিষ্ঠান, পরিচালক বা প্রযোজকের কাছ থেকে ভালো গল্পের প্রস্তাব এলে অবশ্যই কাজ করতে চাই। সিনেমা অনেক বড় ব্যাপার, হুট করে হয় না। আল্লাহ যদি কপালে রাখেন, তাহলে নিশ্চয়ই হবে।’

অভিনয়জীবনের শুরুর সময়কে বেশ সংগ্রামের বলে উল্লেখ করেন তিশা। পড়াশোনার পাশাপাশি কাজ সামলাতে গিয়ে নানা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে তাকে। তার ভাষায়, ‘আমি তখন কাজ করার পাশাপাশি পড়াশোনাও করতাম। সেই সময়টা খুব স্ট্রাগলিং একটা পিরিয়ড ছিল।’

২০১৩ সালের দিকে মডেলিংয়ের মাধ্যমে মিডিয়ায় পথচলা শুরু হয় তিশার। একটি অনলাইন বুটিকের জন্য ফটোশুটে অংশ নেওয়ার মধ্য দিয়েই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ানো। এ বিষয়ে তিনি বলেন, তার এক ঘনিষ্ঠ বান্ধবীর অনুরোধেই প্রথমবার ছবি তোলার অভিজ্ঞতা হয়। শুরুতে ভীষণ অস্বস্তি ও নার্ভাস লাগলেও সেখান থেকেই মিডিয়ায় যাত্রা শুরু।

তবে মডেলিংকে দীর্ঘমেয়াদি পেশা হিসেবে ভাবতে পারেননি তিনি। কারণ হিসেবে বলেন, ‘রাস্তায় আড়ংয়ের বড় বড় বিলবোর্ড দেখে ভাবতাম, যদি কোনো দিন আমিও মডেল হতে পারতাম। কিন্তু পরে বুঝেছি, মডেলদের মতো চেহারার গড়ন আমার নয়। তাই ওই জায়গাটায় নিজেকে খুব একটা মানিয়ে নিতে পারিনি।’

তিশা জানান, ছোটবেলা থেকেই সংবাদ উপস্থাপনার প্রতি তার বিশেষ আগ্রহ ছিল। টেলিভিশনের স্ক্রলিং নিউজ জোরে জোরে পড়ে নিজেকে সংবাদ পাঠক হিসেবে কল্পনা করতেন। পরে এফএম রেডিওর জনপ্রিয়তা বাড়ার সময় রেডিও জকিদের কথাবার্তায় মুগ্ধ হয়ে আরজে হওয়ার স্বপ্ন দেখেন। তিনি বলেন, ‘কখনো ভাবিনি যে অভিনয় করব বা এই পেশায় চলে আসব। কিন্তু জীবন আমাকে শেষ পর্যন্ত এই পথেই নিয়ে এসেছে।’

অভিনয়ের প্রতি দর্শকের ভালোবাসাই এখন তার সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করেন তাসনুভা তিশা।

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!