বিনোদন

ম্যাচিউরিটি শুধু বয়সে নয়, আসে অভিজ্ঞতায়: কেয়া পায়েল

আপডেট: জুন ১০, ২০২৬ : ০৫:৫৭ এএম
ম্যাচিউরিটি শুধু বয়সে নয়, আসে অভিজ্ঞতায়: কেয়া পায়েল

মানুষের পরিপক্বতা কি শুধু বয়সের সঙ্গে আসে, নাকি অভিজ্ঞতা ও কাজের মধ্য দিয়েই গড়ে ওঠে? এমন প্রশ্নের উত্তরে নিজের ভাবনা তুলে ধরেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। তার মতে, ম্যাচিউরিটি বা পরিপক্বতা কোনো নির্দিষ্ট বয়সের সঙ্গে বাঁধা নয়; বরং জীবনের অভিজ্ঞতা, কাজ ও মানুষের সঙ্গে মেলামেশার মধ্য দিয়েই তা তৈরি হয়।

সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে ব্যক্তিজীবন ও ক্যারিয়ারের নানা বিষয় নিয়ে কথা বলেন কেয়া পায়েল। সেখানেই ম্যাচিউরিটি নিয়ে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন তিনি।

কেয়া বলেন, অনেকেই মনে করেন বয়স ৩০ বা তার বেশি হলে মানুষ পরিপক্ব হয়। তবে বাস্তবতা ভিন্ন। তার ভাষায়, ‘আমরা অনেকেই ভাবি ৩০ বছরের পর আরও ম্যাচিউর হব, তখন কাজ করব। কিন্তু আসলে কাজ করতে করতেই ম্যাচিউরিটি আসে। শুধু বয়স বাড়লেই যে মানুষ পরিপক্ব হবে, বিষয়টা এমন নয়।’

অভিনেত্রীর মতে, বয়স মানুষের অভিজ্ঞতা বাড়াতে সাহায্য করে ঠিকই, তবে পরিপক্বতা নির্ভর করে জীবনযাপন, পরিবেশ ও মানুষের সঙ্গে যোগাযোগের ওপরও।

তিনি বলেন, ‘ম্যাচিউরিটি আমাদের পুরো জীবনযাপনের সঙ্গে সম্পর্কিত। আমরা কোথায় মিশছি, কী করছি, কেমন মানুষের সঙ্গে সময় কাটাচ্ছি—সবকিছুই এতে ভূমিকা রাখে। যত বেশি মানুষের সঙ্গে মিশব, যত বেশি কাজ করব, তত বেশি শিখব এবং পরিপক্ব হব।’

ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিকভাবে নাটকে অভিনয় করে দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন কেয়া পায়েল। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তিনি নিয়মিত নিজের ভাবনা ও অভিজ্ঞতা ভাগ করে নেন। এবার ম্যাচিউরিটি নিয়ে তার এই মন্তব্যও ভক্তদের মধ্যে আলোচনার জন্ম দিয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!