ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস জানিয়েছেন, স্কুলজীবনে অনেকেই তাঁকে পছন্দ করলেও তাঁর কখনো প্রেম হয়নি। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে শৈশব, স্কুলজীবন ও ব্যক্তিগত নানা স্মৃতিচারণ করতে গিয়ে এ কথা বলেন তিনি।
অপু বিশ্বাস বলেন, ছোটবেলায় তিনি নিজেকে অনেকটা ছেলেদের মতো ভাবতেন। তাঁর ডাকনাম ‘অপু’ হওয়ায় অনেকেই তাঁকে ছেলে মনে করতেন। বিষয়টি নিয়ে পরিবারের সদস্যরাও মজা করতেন।
অভিনেত্রীর ভাষ্য, ‘আমি খুব ডানপিটে ছিলাম। কখনোই শান্ত বা মিষ্টি স্বভাবের ছিলাম না। বিভিন্ন আয়োজনের পরিকল্পনায় স্কুলের শিক্ষকেরা আমাকে ডাকতেন। লেখাপড়াতেও ভালো ছিলাম। পঞ্চম শ্রেণিতে বৃত্তি পেয়েছিলাম।’
স্কুলজীবনে প্রেমের প্রস্তাব পাওয়ার অভিজ্ঞতা সম্পর্কে অপু বলেন, সহপাঠীরা সরাসরি কিছু বলার সাহস পেত না। বেশির ভাগ সময় বান্ধবীদের মাধ্যমে ভালো লাগার কথা জানাত কিংবা চিঠি পাঠানোর চেষ্টা করত।
তিনি বলেন, ‘অনেকেই আমাকে পছন্দ করত। কিন্তু সরাসরি বলার সাহস পেত না। বান্ধবীদের মাধ্যমে খবর পাঠাত। কেউ কেউ চিঠিও লিখত। তবে আমার বান্ধবীরা জানত, এসব বিষয়ে আমি খুব রাগ করতাম।’
স্কুলজীবনে কোনো প্রেমের সম্পর্ক ছিল কি না—এমন প্রশ্নের জবাবে অপু বিশ্বাস বলেন, ‘সেই অর্থে আমার কখনো প্রেম হয়নি। পরে বিভিন্ন সময় শুনেছি, অনেকে আমাকে পছন্দ করত। কিন্তু তখন এসব নিয়ে আমি ভাবিনি।’
বর্তমানে অভিনয় ও বিভিন্ন পেশাগত ব্যস্ততা নিয়ে সময় কাটছে বলে জানান এই অভিনেত্রী। তাঁর মতে, জীবনের প্রতিটি পর্যায়ের স্মৃতি মানুষের ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
No comments yet. Be the first to comment!