বিনোদন

আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা

আপডেট: জুন ১৬, ২০২৬ : ০৫:১৭ এএম
আমি জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা

দীর্ঘ প্রায় ১৬ বছর ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার বুলিং ও ট্রলের শিকার হয়ে আসছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি এক ভিডিও বার্তায় তিনি এ বিষয়ে মুখ খুলে নিজের অভিজ্ঞতা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

ভিডিওর শুরুতেই প্রভা বলেন, “আমি এখন কিছু জ্বালাময়ী সত্যি কথা বলব। অনেকদিন ধরেই সাম্প্রতিক ঘটনার বিষয়ে কথা বলিনি। ভেবেছিলাম বলেও লাভ নেই। কিন্তু দায়িত্ববোধ থেকে মনে হলো, কিছু জিনিস চোখ বন্ধ করে থাকা যায় না।”

তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও আক্রমণাত্মক আচরণের পেছনে মানুষের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন। তাঁর মতে, অনেকেই নিজেদের ভেতরের নিরাপত্তাহীনতা ও অসন্তোষ থেকেই অন্যদের নিয়ে কটূক্তি ও আক্রমণাত্মক মন্তব্য করে থাকেন।

প্রভা বলেন, “যারা সোশ্যাল মিডিয়ায় অন্যদের বুলিং করে, তারা অনেক সময় নিজেদের জীবন, যোগ্যতা বা অবস্থান নিয়ে অসন্তুষ্ট থাকে। সেই হতাশা থেকেই তারা অন্যদের আঘাত করে।”

দীর্ঘদিন ধরে চলা ব্যক্তিগত মানসিক যন্ত্রণার কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাকে প্রায় ১৬ বছর ধরে বুলিং করা হচ্ছে। এটা অনেকে উপভোগও করে, কিন্তু একই সঙ্গে আমি মনে করি, ভিকটিমকে নয়—যে অপরাধ করেছে, তাকে চিহ্নিত করা দরকার।”

তিনি আরও বলেন, “যেমন আমরা এখন ধর্ষণ বা অ্যাসিড হামলার অপরাধীদের শাস্তির আওতায় আনি, তেমনি কারও ব্যক্তিগত তথ্য বা গোপনীয়তা ভঙ্গ করাও একটি গুরুতর অপরাধ। কিন্তু বাস্তবে দেখা যায়, ভিকটিমকেই বেশি আক্রমণ করা হয়।”

সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের উদ্দেশে তিনি বলেন, ভিকটিমকে নয়, বরং মূল অপরাধীদের জবাবদিহিতার আওতায় আনা উচিত, তাহলেই এমন পরিস্থিতি কমে আসবে বলে তিনি মনে করেন। ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।


আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!