টলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোহিনী সরকার ও সংগীতশিল্পী শোভন গাঙ্গুলী-এর ঘরে নতুন অতিথি আসছে কি না—এ নিয়ে কয়েকদিন ধরেই চলছে জোর গুঞ্জন।
সোশ্যাল মিডিয়া ও বিনোদন দুনিয়ায় ছড়িয়ে পড়া মা হওয়ার গুঞ্জনের মধ্যেই অবশেষে প্রথমবারের মতো এ বিষয়ে নীরবতা ভাঙলেন সোহিনী। তবে প্রত্যাশিতভাবে সরাসরি ‘হ্যাঁ’ বা ‘না’ কিছুই বলেননি তিনি।
সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত হয়ে এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “এটা একটা অ্যাওয়ার্ড ফাংশন। এখানে আমরা শুধু কাজ আর শিল্পীদের নিয়েই কথা বলি।”
তিনি আরও বলেন, “আমাদেরও নিশ্চয়ই সময় আসবে, যখন আমরা সবকিছু জানাব। ওটা আমাদের অধিকার। প্রত্যেক মানুষেরই অধিকার আছে তাদের জীবনের আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নেওয়ার। সেই সময় অবশ্যই আমি জানাব।”
অভিনেত্রীর এই মন্তব্যকে ঘিরে নতুন করে জল্পনা আরও বেড়েছে। অনেকে মনে করছেন, তিনি বিষয়টি পুরোপুরি অস্বীকার না করে বরং সময়ের ওপর ছেড়ে দিয়েছেন ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত।
গত কয়েকদিন ধরে সোহিনীর অভিনীত নতুন সিনেমা ‘ফেরা’-র প্রিমিয়ারসহ বিভিন্ন অনুষ্ঠানেও তাকে দেখা না যাওয়ায় গুঞ্জন আরও জোরালো হয়। তার এই অনুপস্থিতি নিয়ে ভক্তমহলে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাইয়ে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন এই তারকা জুটি। দাম্পত্য জীবনের দুই বছর পূর্তির দোরগোড়ায় দাঁড়িয়ে তাদের ব্যক্তিগত জীবন ঘিরে এমন গুঞ্জন এখন বিনোদন মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!