ঢাকাই চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় ও আলোচিত নায়িকা সাহারা দীর্ঘদিন ধরে রূপালী পর্দা ও বিনোদন অঙ্গন থেকে সম্পূর্ণ আড়ালে রয়েছেন। একসময় নিয়মিত সিনেমায় দেখা গেলেও এখন তাকে আর প্রকাশ্যে দেখা যায় না।
আজ (১৯ জুন) এই অভিনেত্রীর জন্মদিন। তবে দীর্ঘ সময় ধরে চলচ্চিত্র বা গণমাধ্যম—কোনো মাধ্যমেই তার উপস্থিতি নেই। চলচ্চিত্রে সাহারার অভিষেক হয় পরিচালক শাহাদাত হোসেন লিটনের ‘রুখে দাঁড়াও’ সিনেমার মাধ্যমে, যেখানে তার নাম ছিল রুনা। প্রথম সিনেমা ব্যবসায়িকভাবে সফল না হলেও তিনি পরবর্তী সময়ে অভিনয় ক্যারিয়ার চালিয়ে যান।
এরপর ‘ভাড়াটে খুনি’ চলচ্চিত্রে অভিনয় করলেও সেটিও তেমন সাফল্য পায়নি। তবে পরবর্তীতে অ্যাকশনধর্মী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকমহলে পরিচিতি পান।
অ্যাকশন হিরো আলেকজান্ডার বো-এর সঙ্গে তার জুটি তখন বেশ জনপ্রিয়তা পায়। ‘অর্ডার’, ‘লাকি সেভেন’ ও ‘ড্যাম কেয়ার’সহ একাধিক সিনেমায় তাদের জুটি দর্শকদের নজর কাড়ে। বিশেষ করে ‘অর্ডার’ সিনেমার একটি গানে তার উপস্থিতি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
পরবর্তীতে রুবেল ও রিয়াজের সঙ্গে বড় বাজেটের ‘বিষাক্ত চোখ’ সিনেমাতেও অভিনয় করেন তিনি। ক্যারিয়ারের শীর্ষ সময়ে প্রযোজক মাহবুবুর রহমান মনির সঙ্গে সম্পর্ক ও পরবর্তীতে বিয়ের পর সাহারা ধীরে ধীরে চলচ্চিত্র জগত থেকে সরে দাঁড়ান। ২০১৫ সালের জুলাইয়ে বিয়ের পর তিনি পুরোপুরি পারিবারিক জীবনে মনোনিবেশ করেন।
এরপর থেকে তাকে আর চলচ্চিত্র বা বিনোদন অঙ্গনের কোনো অনুষ্ঠানে দেখা যায়নি। ফলে ঢালিউডের একসময়কার এই জনপ্রিয় নায়িকা এখন পর্দার আড়ালে থাকা এক স্মৃতিতে পরিণত হয়েছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!