অভিনেত্রী শবনম ফারিয়া বলেছেন, সামাজিক মাধ্যমে বিদ্বেষপূর্ণ মন্তব্য ও অনলাইন বুলিং এখন সাধারণ চর্চায় পরিণত হয়েছে। বিশেষ করে মিডিয়ার নারীদের লক্ষ্য করে অশালীন মন্তব্য ও নেতিবাচক ধারণা ছড়ানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।
সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের অনুষ্ঠানে অংশ নিয়ে এসব কথা বলেন এই অভিনেত্রী। সেখানে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল সংস্কৃতি, নারীদের প্রতি বিদ্বেষ এবং অনলাইন হয়রানির প্রভাব নিয়ে খোলামেলা আলোচনা করেন।
শবনম ফারিয়া বলেন, সামাজিক মাধ্যমে বাজে মন্তব্য এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে। এসব বন্ধ করা কতটা সম্ভব তা নিয়ে তিনি সন্দিহান হলেও আইন প্রয়োগকারী সংস্থার আরও সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, “অকারণে মানুষকে নিয়ে বাজে মন্তব্য করা হয়। বিশেষ করে মিডিয়ার নারীদের নিয়ে যে ধরনের গালাগাল ও নেতিবাচক ধারণা তৈরি করা হয়, তা মানসিকভাবে বিকৃত চিন্তার প্রতিফলন।”
অনলাইন হয়রানির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়াকে জটিল উল্লেখ করে তিনি বলেন, দেশে মামলা-মোকদ্দমার দীর্ঘ প্রক্রিয়ার কারণে অনেকেই ন্যায়বিচার পেতে ভোগান্তিতে পড়েন।
শিক্ষা ও পারিবারিক মূল্যবোধের ওপর জোর দিয়ে তিনি বলেন, শিশুদের ছোটবেলা থেকেই শেখাতে হবে—যে কথা সরাসরি বলা যায় না, তা অনলাইনেও লেখা উচিত নয়।
এ ছাড়া পুরো বিনোদন অঙ্গনকে দায়ী না করে তিনি বলেন, ইন্ডাস্ট্রির কয়েকজন ব্যক্তির কারণে অনেক সময় পুরো ক্ষেত্র নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হয়।
নিজের ব্যক্তিত্ব প্রসঙ্গে শবনম ফারিয়া বলেন, তাকে নিয়ে অনেক ভুল ধারণা থাকলেও তা তার জন্য এক ধরনের “সুরক্ষাকবচ” হিসেবে কাজ করেছে বলেও মন্তব্য করেন তিনি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!