বিনোদন

বিতর্কিত শোতে গিয়ে ‘অপমানিত’ আলিয়া ভাট, সময় রায়নার বিরুদ্ধে সমালোচনার ঝড়

আপডেট: জুন ২২, ২০২৬ : ০৫:২৩ এএম
বিতর্কিত শোতে গিয়ে ‘অপমানিত’ আলিয়া ভাট, সময় রায়নার বিরুদ্ধে সমালোচনার ঝড়

বলিউড অভিনেত্রী আলিয়া ভাটকে কেন্দ্র করে বিতর্কের জন্ম দিয়েছে কৌতুক অভিনেতা ও সঞ্চালক সময় রায়নার শো ‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’। অতিথি হিসেবে শোতে গিয়ে সঞ্চালকের একের পর এক কটূক্তি ও বিদ্রূপাত্মক মন্তব্যে আলিয়া ভাট ‘অপমানিত’ হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

সম্প্রতি শোয়ের কিছু ভিডিও ক্লিপ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ভক্ত-অনুরাগীদের মধ্যে। ভারতের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাট তার আসন্ন স্পাই থ্রিলার চলচ্চিত্র ‘আলফা’র প্রচারণায় সহ-অভিনেত্রী শর্বরী ওয়াঘকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠান চলাকালে সময় রায়না তার অভিনয় জীবন, ব্যক্তিগত সাফল্য এবং কান চলচ্চিত্র উৎসবের উপস্থিতি নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

এক পর্যায়ে সঞ্চালক মন্তব্য করেন, শোতে আলিয়া ভাটের উপস্থিতি গর্বের হলেও এটিকে তার ক্যারিয়ারের একটি নিম্নবিন্দু হিসেবে দেখা যেতে পারে। পাশাপাশি কান চলচ্চিত্র উৎসবে আলিয়ার প্রতি বিদেশি আলোকচিত্রীদের মনোযোগ না পাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বিদ্রূপ করেন বলেও জানা গেছে।

এ ছাড়া আলিয়ার সাধারণ জ্ঞান নিয়েও কটূক্তি করা হয় এবং তার স্বামী রণবীর কাপুরকে নিয়ে মন্তব্য করেন সময় রায়না। এর জবাবে আলিয়া ভাট বলেন, “তোমার শোতে আসাই আমার ভুল হয়েছে।” পাল্টা জবাবে সঞ্চালক সময় রায়না আবারও কটাক্ষ করে তার সাম্প্রতিক সিনেমা নিয়েও মন্তব্য করেন বলে ভিডিওতে দেখা যায়।

ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে সময় রায়নার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন, কৌতুকের নামে ব্যক্তিগত আক্রমণ ও অপমান গ্রহণযোগ্য নয়।

এ বিষয়ে এখনো আলিয়া ভাট বা সময় রায়নার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উল্লেখ্য, সময় রায়না এর আগেও বিভিন্ন স্পর্শকাতর মন্তব্য ও বিতর্কিত কনটেন্টের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!