ঢাকাই চলচ্চিত্রের নৃত্য পরিচালক জাকির হোসেন মারা গেছেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই শেষে আজ মঙ্গলবার (২৩ জুন) সকালে রাজধানীর মহাখালীর একটি ক্যানসার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাগ্নে মনির। পরিবার সূত্রে জানা গেছে, জাকির হোসেন দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন। চলতি বছরের মে মাসে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়া হয়। সেখানে চিকিৎসা শেষে দেশে ফিরে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চালিয়ে যাচ্ছিলেন।
চিকিৎসার ব্যয় নির্বাহে সহায়তার জন্য পরিবারের পক্ষ থেকে সরকারি সহায়তার আবেদনও করা হয়েছিল। জাকির হোসেন ঢালিউড চলচ্চিত্রে একজন পরিচিত ও অভিজ্ঞ নৃত্য পরিচালক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। অসংখ্য জনপ্রিয় সিনেমার গানের নৃত্য পরিচালনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। পাশাপাশি কিছু চলচ্চিত্রে অভিনয়ও করেছেন।
তার মৃত্যুর খবরে চলচ্চিত্র অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মী ও সংশ্লিষ্টরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!