মডেল, অভিনেত্রী ও আইনজীবী পিয়া জান্নাতুল বাবার প্রথম মৃত্যুবার্ষিকীতে আবেগঘন এক বার্তা দিয়েছেন। একই দিনে পরিচিত দুই ব্যক্তির মৃত্যুসংবাদে শোক প্রকাশ করে তিনি বলেছেন, মৃত্যু মানুষের জীবনের অনিবার্য পরিণতি।
সোমবার (২৩ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পিয়া জানান, এদিন ছিল তাঁর বাবার প্রথম মৃত্যুবার্ষিকী। বাবার কবর জিয়ারত করতে গিয়ে জীবনের ক্ষণস্থায়িত্ব আরও গভীরভাবে উপলব্ধি করেছেন বলে উল্লেখ করেন তিনি।
পিয়া লেখেন, “আজ ২৩ জুন, আমার আব্বুর প্রথম মৃত্যুবার্ষিকী। এক বছর হয়ে গেল। আজ তাঁর কবরের সামনে দাঁড়িয়ে শুধু মনে হচ্ছিল, মানুষ আসলে কত অল্প সময়ের জন্য আসে এই পৃথিবীতে।”
একই পোস্টে তিনি তরুণ উদ্যোক্তা ও ফ্যাশন ব্র্যান্ড ‘পাখি’র প্রতিষ্ঠাতা প্রিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেন। মাত্র ৩২ বছর বয়সে তাঁর মৃত্যুতে বিস্ময় প্রকাশ করে পিয়া জানান, কয়েক মাস আগেও কাজের বিষয়ে তাঁদের কথা হয়েছিল।
তিনি লেখেন, “তাঁর স্বপ্ন, তাঁর ভিশন এবং বাংলাদেশকে নিয়ে পরিকল্পনা শুনে ভালো লেগেছিল। এত অল্প বয়সে তাঁর চলে যাওয়ার খবর বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।”
এ ছাড়া নিজের একটি চলচ্চিত্রে কোরিওগ্রাফার হিসেবে কাজ করা জাকির হোসেনের মৃত্যুতেও শোক প্রকাশ করেন পিয়া। তিনি জানান, ৫০ বছর বয়সী জাকির হোসেনের মৃত্যুসংবাদ তাঁকে গভীরভাবে নাড়া দিয়েছে।
জীবনের অনিত্যতার প্রসঙ্গ টেনে পিয়া লেখেন, “দিন শেষে একটা কথাই বারবার মনে হয়—মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য। তাই যতদিন বেঁচে আছি, সুস্থ থাকার চেষ্টা করি, কারও কষ্টের কারণ না হই, ভালো মানুষ হওয়ার চেষ্টা করি।”
মানুষের প্রকৃত পরিচয় তার আচরণ ও মানবিকতায় ফুটে ওঠে উল্লেখ করে তিনি বলেন, মৃত্যুর পর মানুষের সম্পদ বা সাফল্যের চেয়ে তার ব্যবহার ও মানবিকতাই বেশি স্মরণ করা হয়।
পোস্টের শেষে বাবার জন্য সবার কাছে দোয়া চেয়ে পিয়া লেখেন, “আল্লাহ যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। আমিন।”
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!