বিনোদন

দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি কিছুটা পুরুষতান্ত্রিক: তামান্না

আপডেট: জুন ২৪, ২০২৬ : ০৬:৩২ এএম
দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি কিছুটা পুরুষতান্ত্রিক: তামান্না

তামান্না ভাটিয়া মনে করেন, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এখনো কিছুটা পুরুষতান্ত্রিক মানসিকতা বিদ্যমান। দীর্ঘ প্রায় দুই দশকের অভিনয়জীবনের অভিজ্ঞতা থেকে তিনি এ মন্তব্য করেছেন।

সম্প্রতি ফোর্বস ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তামান্না বলেন, দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে নারীদের প্রতি একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি রয়েছে, যা সব সময় ইতিবাচক নয়। তার মতে, এ ক্ষেত্রে বলিউড তুলনামূলকভাবে এগিয়ে।

তামান্না বলেন, “হিন্দি চলচ্চিত্র শিল্পে সাধারণত দুই ধরনের শিল্পী দেখা যায়। কেউ অভিনয়নির্ভর চরিত্রে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন, আবার কেউ বাণিজ্যিক ও গ্ল্যামারধর্মী কাজেও সমানভাবে অংশ নেন। বলিউডে এই দুই ধরনের কাজেরই সুযোগ রয়েছে। যারা দুটোই সফলভাবে করতে পারেন, তারাই শেষ পর্যন্ত সুপারস্টার হয়ে ওঠেন।”

দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রি সম্পর্কে নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, “সেখানে একটি বিশেষ ধরনের দৃষ্টিভঙ্গি রয়েছে, যেটিকে কিছুটা পুরুষতান্ত্রিক বলা যায়। নারীদের প্রতি সেই দৃষ্টিভঙ্গি সব সময় প্রশংসাসূচক নয়। তবে আমি ইন্ডাস্ট্রিটির সংগীতনির্ভর ও তারকাকেন্দ্রিক দিকটি বুঝতে পেরেছি। বাণিজ্যিক সফলতার বিষয়টি সেখানে অনেক বেশি গুরুত্ব পায়।”

তবে এ মন্তব্যকে নিজের ব্যক্তিগত পর্যবেক্ষণ বলেই উল্লেখ করেছেন তামান্না। তার ভাষ্য, অন্য শিল্পীদের অভিজ্ঞতা ভিন্ন হতে পারে। তিনি মনে করেন, যেসব অভিনেত্রী দীর্ঘ ১০ থেকে ১৫ বছর কিংবা তারও বেশি সময় ধরে নিজেদের অবস্থান ধরে রাখতে পেরেছেন, তারা অভিনয়নির্ভর চলচ্চিত্রের পাশাপাশি নাচ-গান ও বাণিজ্যিক ধারার ছবিতেও দক্ষতার পরিচয় দিয়েছেন।

বর্তমানে নতুন চলচ্চিত্র বিবান: ফোর্স অব দ্য ফরেস্ট–এর মুক্তির অপেক্ষায় রয়েছেন তামান্না। দীপক মিশ্র পরিচালিত ছবিটিতে তার সঙ্গে অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা, মনীশ পাল, সুনীল গ্রোভার এবং শ্বেতা তিওয়ারি। আগামী ২৬ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!