বাংলাদেশে ফুটবল উন্মাদনা বলতে সাধারণত ব্রাজিল ও আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিই চোখে পড়ে। তবে সেই প্রচলিত ধারার বাইরে গিয়ে অভিনেত্রী জয়া আহসান জানিয়েছেন, আন্তর্জাতিক ফুটবলে তাঁর প্রিয় দল পর্তুগাল।
ভারতের একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফুটবলপ্রেম, ব্যক্তিগত জীবন ও নতুন সিনেমা নিয়ে কথা বলেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।
ফুটবল নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়ে জয়া আহসান বলেন, বিশ্বকাপ দেখার অভিজ্ঞতাও তাঁর রয়েছে। রাশিয়ায় গিয়ে গ্যালারিতে বসে খেলা দেখেছিলেন তিনি। তবে এবার মাঠে গিয়ে খেলা দেখা হয়নি।
জয়া বলেন, চারপাশে সব সময় আর্জেন্টিনা ও ব্রাজিলের আলোচনা শুনতে হলেও তাঁর পছন্দের দল পর্তুগাল। ক্রিস্টিয়ানো রোনালদোকে তাঁর খুব ভালো লাগে। তবে একই সঙ্গে লিওনেল মেসির খেলাও উপভোগ করেন বলে জানান তিনি।
আগামী ১ জুলাই জয়া আহসানের জন্মদিন। এ প্রসঙ্গে তিনি বলেন, জন্মদিন নিয়ে বিশেষ আয়োজন করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন না। তবে বন্ধু, স্বজন ও ভক্তদের শুভেচ্ছায় দিনটি তাঁর কাছে বিশেষ হয়ে ওঠে। ছোটবেলার জন্মদিনের নানা স্মৃতিও মনে পড়ে, যদিও এখন বড় আয়োজন করতে কিছুটা অস্বস্তি লাগে বলে জানান অভিনেত্রী।
জুলাই মাসেই মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত নতুন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। পরিচালক কৌশিক গাঙ্গুলীর ‘অর্ধাঙ্গিনী’ সিনেমার সিক্যুয়েল এটি। জয়া বলেন, সফল একটি ছবির দ্বিতীয় পর্ব নিয়ে কাজ করার চাপ থাকলেও নতুন গল্প ও চরিত্র দর্শকদের ভালো লাগবে বলে তাঁর বিশ্বাস।
কলকাতার চলচ্চিত্রে দীর্ঘদিন ধরে কাজ করার অভিজ্ঞতা নিয়েও কথা বলেন জয়া। তিনি বলেন, তিনি বাংলা ভাষার চলচ্চিত্রের শিল্পী। অন্য দেশের পাসপোর্ট বহন করলেও দীর্ঘদিন কাজ করার কারণে কলকাতার চলচ্চিত্র অঙ্গনকে কখনো নিজের বাইরে মনে হয়নি। তাঁর ভাষায়, সেখানকার বাসিন্দা হলেও হয়তো এর বেশি কাজ করতেন না।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!