বাংলা গানের কিংবদন্তি সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদীর ৮৬তম জন্মদিন আজ। ১৯৪০ সালের ১ জুলাই ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জন্মগ্রহণ করেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়ে বাংলা সংগীতকে সমৃদ্ধ করেছেন এই গুণী শিল্পী। জন্মদিনে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সহশিল্পীদের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি।
জন্মদিন উপলক্ষে বিশেষ আয়োজন করেছে বেসরকারি টেলিভিশন চ্যানেল আই। সকালে প্রচারিত হয়েছে তাঁর জনপ্রিয় ১২টি গান নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘গান আছে এখানে’। শাইখ সিরাজের পরিকল্পনায় নির্মিত এ অনুষ্ঠানে তাঁর জনপ্রিয় গান নতুনভাবে পরিবেশন করেছেন ইমরান, সাব্বির, অপু আনাম ও আতিক। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন লুইপা।
দুপুরে প্রচারিত হবে বিশেষ তারকাকথন অনুষ্ঠান। এতে সৈয়দ আব্দুল হাদীর সঙ্গে অংশ নেবেন গীতিকার রফিকুজ্জমান, সংগীতশিল্পী মো. খুরশীদ আলম ও আবিদা সুলতানা। অনুষ্ঠানে তাঁর সংগীতজীবন, স্মৃতি এবং অজানা নানা অভিজ্ঞতা উঠে আসবে।
এ ছাড়া বিকেলে প্রচারিত হবে শাইখ সিরাজ নির্মিত প্রামাণ্যচিত্র ‘গল্প আছে এখানে…’। এতে শৈশব, সংগীতজীবনের শুরু, বাংলাদেশের সংগীতের বিবর্তন এবং নতুন প্রজন্মের শিল্পীদের প্রতি নিজের প্রত্যাশার কথা তুলে ধরেছেন এই কিংবদন্তি শিল্পী।
সৈয়দ আব্দুল হাদীর বাবা ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিসের কর্মকর্তা ছিলেন। ছোটবেলা থেকেই বাবার গ্রামোফোনে গান শুনে সংগীতের প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময়ই সংগীতচর্চায় আরও সক্রিয় হয়ে ওঠেন।
চলচ্চিত্রে তাঁর পূর্ণাঙ্গ প্লেব্যাক শুরু হয় ১৯৬৪ সালে ‘ডাকবাবু’ সিনেমার মাধ্যমে। এরপর কয়েক দশক ধরে বাংলা চলচ্চিত্র ও আধুনিক গানে তিনি নিজের স্বতন্ত্র কণ্ঠে শ্রোতাদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নেন।
তাঁর গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘একবার যদি কেউ ভালোবাসতো’, ‘সূর্যোদয়ে তুমি সূর্যাস্তেও তুমি’, ‘এই পৃথিবীর পান্থশালায়’, ‘এমনও তো প্রেম হয়’, ‘কেউ কোনো দিন আমারে তো কথা দিলো না’, ‘যেও না সাথী’, ‘আমি তোমারই প্রেম ভিখারী’, ‘চোখ বুজিলে দুনিয়া আন্ধার’ এবং ‘কারো আপন হইতে পারলি না অন্তর’।
সংগীতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ সৈয়দ আব্দুল হাদী পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। ২০০০ সালে তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত হন। সম্প্রতি বাংলাদেশ শিল্পকলা একাডেমিও তাঁকে বিশেষ সম্মাননায় ভূষিত করেছে।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!