বিনোদন

শিল্পী সমিতির নির্বাচনে জয়ী শিবা শানু–জয় চৌধুরী

আপডেট: জুলা ০৪, ২০২৬ : ০৫:০৬ এএম
শিল্পী সমিতির নির্বাচনে জয়ী শিবা শানু–জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন শিবা শানু এবং সাধারণ সম্পাদক হয়েছেন জয় চৌধুরী।

শনিবার ভোরে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) নির্বাচন পরিচালনা কমিটি আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করে। কমিটির দেওয়া ফল অনুযায়ী, সভাপতি পদে শিবা শানু পেয়েছেন ২৪৩ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী ফাইটার ও প্রযোজক আরমান পেয়েছেন ১৭৩ ভোট।

সাধারণ সম্পাদক পদে জয় চৌধুরী পেয়েছেন ২৩৭ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী রুমানা ইসলাম মুক্তি পেয়েছেন ১৭৯ ভোট। নির্বাচন পরিচালনা কমিটির তথ্য অনুযায়ী, সমিতির ৫৭৬ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৮০ জন। এর মধ্যে ৪৬৩টি ভোট বৈধ এবং ১৭টি ব্যালট বাতিল হয়েছে।

সহসভাপতির দুটি পদে নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। ডি এ তায়েব পেয়েছেন ২৬০ ভোট এবং ইলিয়াস কোবরা পেয়েছেন ২১৬ ভোট। তাঁদের প্রতিদ্বন্দ্বী নূতন পেয়েছেন ২০৪ এবং রোজিনা পেয়েছেন ১৫২ ভোট।

সহসাধারণ সম্পাদক পদে সুব্রত ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী রিনা খান পেয়েছেন ১৫০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান ২৬৩ ভোট পেয়ে জয়ী হয়েছেন। এ পদে চুন্নু পেয়েছেন ১৮৩ ভোট।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর ২৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী পলি পেয়েছেন ১৪৪ ভোট। দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী রাসেল মিয়া পেয়েছেন ১৯৫ ভোট।

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব পেয়েছেন ২২৬ ভোট। একই পদে মোসফেকুল জামিল (কাকন) পেয়েছেন ১১৮ এবং ইউসুফ খান পেয়েছেন ৭২ ভোট।

কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাদু আজাদ পেয়েছেন ১৯৭ ভোট। কার্যনির্বাহী পরিষদের ১১টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন কায়েস আরজু, আলী বরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা ও ফরহাদ। তাঁদের মধ্যে সর্বোচ্চ ৩২৪ ভোট পেয়ে প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন কায়েস আরজু।

শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিএফডিসিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত এক ঘণ্টা বিরতি ছিল। নির্বাচনকে ঘিরে দিনভর এফডিসি প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। দুটি প্যানেলের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হয়—একটি প্যানেলে ছিলেন শিবা শানু ও জয় চৌধুরী, অন্যটিতে আরমান ও রুমানা ইসলাম মুক্তি।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!