বিনোদন

ভোটাররাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, বললেন শিরিন শিলা

আপডেট: জুলা ০৪, ২০২৬ : ০৫:০৮ এএম
ভোটাররাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ, বললেন শিরিন শিলা

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২৮ মেয়াদের নির্বাচনে ভোটের দিন প্রচারণা ও ভোটারদের সঙ্গে যোগাযোগ নিয়েই ব্যস্ত সময় কাটিয়েছেন চিত্রনায়িকা শিরিন শিলা। কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করা এই অভিনেত্রী বলেছেন, নির্বাচনের দিন তাঁর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভোটাররা।

শুক্রবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) প্রাঙ্গণে ভোটগ্রহণ চলাকালে গণমাধ্যমের মুখোমুখি হলেও সাক্ষাৎকার দিতে রাজি হননি শিরিন শিলা। ভোটারদের দিকে এগিয়ে যেতে যেতে তিনি বলেন, ‘ভাই, আমার ভোটাররা সব চলে যাচ্ছে। আজকে কোনো ইন্টারভিউ নয়, ক্যামেরার সামনে নয়। আজকে শুধু আমার ভোটাররাই ফার্স্ট প্রায়োরিটি।’

দিনভর তাঁকে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় ও সমর্থন আদায়ে ব্যস্ত দেখা যায়। শিবা শানু–জয় চৌধুরী পরিষদ থেকে ২২ নম্বর ব্যালট নিয়ে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

শিরিন শিলা ২০১৪ সালে হিটম্যান চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করেন। এর আগে গুলশান অ্যাভিনিউ ও রঙের মেলাসহ বিভিন্ন টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান। প্রথম চলচ্চিত্রের জন্য তিনি মেরিল–প্রথম আলো পুরস্কারে সেরা নবীন অভিনয়শিল্পী বিভাগে মনোনয়ন পেয়েছিলেন। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও মিউজিক ভিডিওতেও নিয়মিত কাজ করেছেন তিনি।

শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিএফডিসিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনকে ঘিরে দিনভর উৎসবমুখর পরিবেশের পাশাপাশি ছিল কঠোর নিরাপত্তাব্যবস্থা। এবারের নির্বাচনে শিল্পী সমিতির সদস্যরা আগামী দুই বছরের নেতৃত্ব নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন।

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!