মাতৃত্বকালীন ছুটিতে থাকা চিত্রনায়িকা শবনম বুবলী আবারও ক্যামেরার সামনে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী সেপ্টেম্বরে নতুন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’–এর শুটিংয়ের মাধ্যমে অভিনয়ে ফিরবেন তিনি।
রোজার ঈদে মুক্তি পাওয়া রায়হান রাফী পরিচালিত ‘প্রেশার কুকার’ সিনেমায় অভিনয়ের পর থেকেই আড়ালে ছিলেন বুবলী। পরে তিনি জানান, তিনি অন্তঃসত্ত্বা ছিলেন এবং সম্প্রতি এক কন্যাসন্তানের মা হয়েছেন। সন্তানের বাবা অভিনেতা শাকিব খান।
নতুন সিনেমাটির পরিচালক জাহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, বুবলীর সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ রয়েছে। শারীরিক অবস্থা অনুকূলে থাকলে সেপ্টেম্বরে শুটিংয়ে অংশ নেবেন অভিনেত্রী।
‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমায় বুবলীর বিপরীতে অভিনয় করবেন আদর আজাদ। এর আগে কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘পিনিক’ সিনেমাতেও এই জুটিকে দেখা গেছে।
পরিচালক জানান, সিনেমাটিতে পুরান ঢাকার সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হবে। গল্পের কেন্দ্রে থাকবে এক শিয়া যুবক ও এক সুন্নি তরুণীর সম্পর্ক। চরিত্রের প্রয়োজনে বাংলা ভাষার পাশাপাশি উর্দুতেও সংলাপ বলবেন বুবলী ও আদর আজাদ।
জাহিদ হোসেন বলেন, বুবলী বর্তমানে সন্তান ও নিজের পরিচর্যায় সময় দিচ্ছেন। তাই তাঁর অংশের শুটিং শুরুর আগে সিনেমার অন্যান্য দৃশ্যের কাজ এগিয়ে নেওয়া হবে।
তবে অভিনয়ে ফেরার বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি বুবলী। মা হওয়ার খবর প্রকাশের পর থেকে তিনি গণমাধ্যমের সামনেও আসেননি।
আরএস-রাসেল
No comments yet. Be the first to comment!