বিনোদন

কাজের আগে মানুষ আমার ওজনটা দেখে : অঞ্জলি

আপডেট: জুলা ০৯, ২০২৬ : ০৬:১৭ এএম
কাজের আগে মানুষ আমার ওজনটা দেখে : অঞ্জলি

বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘ধামাল’–এর চতুর্থ কিস্তি মুক্তি পাচ্ছে ১০ জুলাই। ছবিটিতে অজয় দেবগন, রিতেশ দেশমুখ, আরশাদ ওয়ার্সি ও জাভেদ জাফরির সঙ্গে অভিনয় করেছেন অঞ্জলি আনন্দ। মুক্তির আগে ছবির ‘শাড়ি’ গান নিয়ে যেমন আলোচনা হচ্ছে, তেমনি সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর শারীরিক গঠন নিয়েও চলছে নানা মন্তব্য।

এসব সমালোচনা নিয়ে মুখ খুলেছেন অঞ্জলি। তাঁর অভিযোগ, সমাজ এখনো একজন অভিনেত্রীর কাজের চেয়ে শরীরের গড়নকে বেশি গুরুত্ব দেয়। ইন্ডিয়া টুডে–কে দেওয়া এক সাক্ষাৎকারে অঞ্জলি বলেন, ‘সমাজ এখনও এমনই। মানুষ এখনও আমার কাজের আগে ওজনটাই দেখে। যত দিন এমনটা চলবে, তত দিন আমি কাজ করে যাব, যাতে প্রমাণ করতে পারি—এই ধারণাটা ভুল।’

অঞ্জলির মতে, প্রচলিত নায়িকার ছাঁচের বাইরে থাকা নারীদের জন্য অর্থবহ চরিত্র লেখার ক্ষেত্রে নির্মাতাদের আরও এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ‘নারীদের জন্য আরও ভালো চরিত্র লেখার ক্ষেত্রে এখনও অনেক কিছু করার বাকি। আমি সেটাই বদলাতে চাই। মানুষ আমাকে যত বেশি দেখবে, তাদের দৃষ্টিভঙ্গিও বদলাবে। তখন তারা বুঝবে, একজন অভিনেত্রীর শরীর নয়, তাঁর অভিনয় দক্ষতাকে কাজে লাগিয়েও চরিত্র লেখা সম্ভব।’

শুধু অতিরিক্ত ওজন নয়, চেহারা নিয়েও সমাজে নানা ধরনের বিদ্রূপের শিকার হতে হয় বলে মন্তব্য করেন এই অভিনেত্রী। তাঁর ভাষায়, ‘কেউ মোটা হওয়ার জন্য, কেউ আবার রোগা হওয়ার জন্য অপমানিত হয়। গায়ের রং, মাথায় চুল না থাকা, চেহারা, পোশাক—এমনকি কে কোন ব্র্যান্ডের পোশাক পরছে, তা নিয়েও মানুষকে হেয় করা হয়। হয়তো এমন সময় কোনো দিনই আসবে না, যখন এসব পুরোপুরি বন্ধ হবে। তবে আমরা অন্তত এসব বিষয়কে ভিন্নভাবে তুলে ধরে মানুষকে নতুনভাবে ভাবতে শেখাতে পারি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে হওয়া ট্রলিং নিয়েও খুব একটা বিচলিত নন অঞ্জলি। তিনি বলেন, ‘আমরা জানতাম ট্রলিং হবে। তাই আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত ছিলাম। নিন্দুকদের যত বেশি গুরুত্ব দেবেন, তারা তত বেশি নিন্দা করবে। তাই এসবকে গুরুত্ব না দেওয়াই ভালো।’

আরএস-রাসেল

০ মন্তব্য


No comments yet. Be the first to comment!